চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- নগরীর ফিরিঙ্গীবাজার এলাকায় কর্ণফুলী নদীতে রোববার ভোররাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি জাহাজ থেকে তেল চুরির সময় জাহাজের মাস্টারসহ দুজনকে হাতেনাতে আটক করেছে উপকূল রক্ষী বাহিনী।
আটককৃতরা হলেন- জাহাজের মাস্টার নুর ইসলাম (৪০) এবং চোরাই তেল ব্যবসায়ী শহীদুল ইসলাম (৫৩)। তাদের কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
উপকূল রক্ষী বাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার এহসান উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর রাত সাড়ে তিনটার দিকে ফিরিঙ্গীবাজার ফেরী ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা এমভি লতিফা থেকে ৭৫০ লিটার ডিজেল চুরি করে পাচার করার সময় এ দুজনকে আটক করা হয়।
তিনি জানান, জাহাজের মাস্টার নুর ইসলামের সহায়তায় শহীদুল ইসলাম তেল নিয়ে পালানোর চেষ্টা করে।
লে. কমান্ডার এহসান আরও জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র কর্ণফুলীতে নোঙর করা বিভিন্ন জাহাজ থেকে তেল চুরি করে আসছিল।
জেলার চন্দনাইশ ও বোয়ালখালীতে প্রায় ৬০০ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। তবে কাঠু চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
লে. কমান্ডার এহসান জানান, শনিবার রাত এগারটায় চন্দনাইশের পূর্ব কাশুয়া গ্রামের একটি স মিল থেকে ৪০০ ঘনফুট এবং রোববার ভোর রাত তিনটার দিকে বোয়ালখালী উপজেলার বলীর হাটে একটি বোট থেকে আরও ২০০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়।
উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮২৫ ঘ.
bdnews24