পাবনা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন থেকে রোববার পরিত্যক্ত অবস্থায় একটি তাজা গ্রেনেড ও একটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
র্যাব-১২ এর পাবনা ফাঁড়ির অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ ফয়সল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাড়ারা ইউনিয়নের খয়েরবাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড ও একটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করা হয়।
গ্রেনেড ও বোমা উদ্ধারের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে ওই র্যাব কর্মকর্তা জানান।
র্যাব জানিয়েছে, ঈশ্বরদী উপজেলার মাঝগ্রাম থেকে রোববার ৪০ বোতল ফেনসিডিলসহ আব্দুল মান্নান নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৬ ঘ.
bdnews24