২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ও ফ্ল্যাট নিবন্ধনের খরচ কমানোর দাবি রিহ্যাবের

ভবন ও ফ্ল্যাট নিবন্ধনের খরচ কমানোর দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আবাসন শিল্পের এই সংগঠনটির পক্ষ থেকে ফ্ল্যাট, ভবন বা জমির বিক্রয় বা হস্তান্তর করে পাওয়া অর্থের উপর দেড় শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবন ও ফ্ল্যাট নিবন্ধনের খরচ কমানোর দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আবাসন শিল্পের এই সংগঠনটির পক্ষ থেকে ফ্ল্যাট, ভবন বা জমির বিক্রয় বা হস্তান্তর করে পাওয়া অর্থের উপর দেড় শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারেরও দাবি জানানো হয়। বর্তমানে ভবন ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মোট দামের ওপর ১৬ ভাগ শুল্ক ও কর দিতে হয়। এর মধ্যে গেইন ট্যাক্স ৫ ভাগ, স্ট্যাম্প ডিউটি ৫ ভাগ, রেজিস্ট্রেশন ফি ৪ দশমিক ৫ ভাগ এবং ভ্যাট ১ দশমিক ৫ ভাগ। 'বাজেট ২০০৭-০৯ ও আবাসন শিল্পের সঙ্কট উত্তরণ' শীর্ষক এ গোল টেবিল বৈঠকে রিহ্যাব এর সভাপতি তানভিরুল হক প্রবাল বলেন, "বিগত কয়েক বছরে নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি, অতিরিক্ত কর আরোপ, রাজউকের শর্তসহ বিভিন্ন কারণে আবাসন শিল্প প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ পরিস্থিতিতে আমরা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মোট শুল্ক ১৬ ভাগ থেকে কমিয়ে ৪ বা ৫ ভাগ করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। এটা করা হলে মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা স্বল্প খরচে ফ্ল্যাট কিনতে পারবে।" রিহ্যাবের সাধারণ সম্পদক খালেদ মোহাম্মদ জুয়েল বলেন, "নির্মাণ ও গৃহায়ণ শিল্পের বিকাশে সেকেন্ডহ্যান্ড শাটারিং ম্যাটেরিয়াল ও মেশিনারিজ আমদানি করা প্রয়োজন। স্বল্প শুল্কে এ সব উপকরণ আমদানি করা হলে নির্মাণ ব্যয় কমবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে।" বৈঠকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, আবাসন খাতের সঙ্কট মেটাতে ভূমি সংস্কার বিধিমালা ২০০৪ এবং ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংস্কার করা প্রয়োজন। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা ফারুক খান, আমাদের সময় পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান, রিহ্যাবের সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/এমএইচবি/