২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজর হাফিজের নামে বনানীতে সড়কের নামকরণ

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাজধানীর বনানীর ১৮ নম্বর সড়কের নামকরণ করা হয়েছে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম এর নামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাজধানীর বনানীর ১৮ নম্বর সড়কের নামকরণ করা হয়েছে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম এর নামে। শনিবার দুপুরে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সড়কের নামফলক উন্মোচন করেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য মেজর হাফিজউদ্দিন আহমেদকে বাংলাদেশের প্রথম সরকার 'বীর বিক্রম' পদকে ভূষিত করে। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর যশোর সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিয়ে বিদ্রোহ করেন। হাফিজউদ্দিন আহমেদ বর্তমানে বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব। শনিবার সড়কের নামফলক উন্মোচনের সময় সাদেক হোসেন খোকার সঙ্গে ছিলেন মেজর হাফিজ, তার স্ত্রী অধ্যাপিকা দিলারা হাফিজ, ছেলে শাহরুখ হাফিজ ও তাহারাত হাফিজ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জেড এ খান, সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টু, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম প্রমুখ। মেয়র খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা সিটি করপোরেশন বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সড়কের নামকরণের উদ্যোগ নিয়েছে। বনানীর ১৮ নম্বর সড়কের নতুন নামকরণ এরই অংশ। ইতিমধ্যে আমরা বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া বীরদের পাশাপাশি বীরোত্তম পদক পাওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একে খন্দকার, কে এম শফিউল্লাহ, সি আর দত্তসহ অন্যদের নামে সড়কের নামকরণ করেছি।" মেজর হাফিজ ঢাকা সিটি করপোরেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "আমি চাই, সারাদেশে এ উদ্যোগ ছড়িয়ে দেওয়া হোক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএইচবি/১৮৫৭ ঘ.