ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দুর্নীতির দায়ে গ্রেপ্তারকৃত কাউকে কাউকে ছেড়ে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একাংশের (আব্বাস-সাইফুল) সাধারণ সম্পাদক সাইফুল হক।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মনি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনের শহীদ তাজুল মিলনায়তনে দলের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
সাইফুল বলেন, "দুর্নীতির দায়ে গ্রেপ্তারকৃত কাউকে কাউকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটা ঠিক হচ্ছে না। এ জন্য সরকারকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।"
তিনি বলেন, "বর্তমান সরকার যদি দুর্নীতিকে সমর্থন না করে থাকে, তাহলে গত ১৭ মাসের কর্মকাণ্ড নিয়ে 'শ্বেতপত্র' প্রকাশ করতে সরকারের বাধা কোথায়?
জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করে রাজনীতি চালু, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বস্তিবাসী ও হকার উচ্ছেদ বন্ধ করার দাবিও জানান তিনি।
সভায় অতিথি বক্তা হিসেবে বিচারপতি গোলাম রব্বানী বলেন, "চোর-দুর্নীতিবাজদের দিয়ে সরকার গঠন হোক, তা আমরা চাই না। এ দেশে কেমন সরকার গঠন করতে হবে তা সংবিধানেই বলা আছে।"
বর্তমান পরিস্থিতিতে কেবল ৩০০ জন সাংসদ দিয়ে দেশের উন্নতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম বলেন, "বর্তমান সরকার যে সব প্রতিশ্র"তি নিয়ে ক্ষমতায় এসেছিল, তা পূরণে তারা ব্যর্থ হয়েছে। এজন্য জনগণের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত।"
পার্টি সভাপতি খন্দকার আলী আব্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি আবদুস সালাম, সাম্যবাদী দলের সদস্য সাইফুল ইসলাম, কমিউনিস্ট পাটির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বাম মোর্চার নেতা টিপু বিশ্বাস, জেনায়েদ সাকি, বদরুল আলম, বাবুল বিশ্বাস, মোশারেফা মিশু ও নয়া সমাজ দলের আহ্বায়ক রেজাউল করীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/একেএম/জেকে/এমএইচবি/১৯১৫ ঘ.
bdnews24