ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের জনগণ যাদের কাছ থেকে স্বাস্থ্যসেবা বা পরামর্শ নিয়ে থাকে তাদের ৯৫ ভাগই অদক্ষ ও অপ্রশিক্ষিত। বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বেসরকারি সংগঠন 'বাংলাদেশ হেলথ ওয়াচ' প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকরা অপ্রয়োজনীয় ও দামি ওষুধের ব্যবস্থাপত্র দেওয়ায় স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি রোগ সারতেও সময় লাগছে।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে 'বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতি ২০০৭' শীর্ষক এ প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করে। এ দেশে প্রতি ১০ হাজার জনে সব মিলিয়ে ১৪৬ জন স্বাস্থ্যসেবা প্রদানকারী রয়েছে। এই স্বাস্থ্য সেবাদানকারীদের মধ্যে ১১ দশমিক ৪ ভাগ ওষুধ বিক্রেতা, ১২ দশমিক ৫ ভাগ পল্লী চিকিৎসক, ধাত্রী বা দাই ৩৩ দশমিক ২ ভাগ, স্বাস্থ্য সেবিকা ৯ দশমিক ৬ ভাগ, প্যারা প্রফেশনাল ১ ভাগ, দন্ত চিকিৎসক ৭ দশমিক ৭ ভাগ, হোমিওপ্যাথ ৫ দশমিক ৯ ভাগ এবং ৬৪ দশমিক ২ ভাগ ভেষজ ও সনাতন ধারার চিকিৎসক। আর মোট চিকিৎসা সেবাদানকারীদের মাত্র ৫ ভাগ এ বিষয়ে দক্ষ ও প্রশিক্ষিত।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের চিকিসা ব্যবস্থার একটি বড় জায়গা দখল করে আছে ভেষজ বা সনাতন পদ্ধতির চিকিৎসকরা। এরা সাধারণত কবিরাজি, টোটকা অথবা বিশ্বাসনির্ভর চিসিৎসা দিয়ে থাকেন। প্রতি ১০ হাজারের মধ্যে অন্তত ৬৪ জন রোগী এ ধরনের চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সেবা নেন।
অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধের অবাধ ব্যবহারের কারণে শরীর ওষুধ প্রতিরোধী হয়ে পড়ার মতো জটিলতা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে এ প্রতিবেদনে।
এতে বলা হয়েছে, "অপ্রয়োজনীয় ও দামি ওষুধ দেওয়ার কারণে স্বাস্থ্য সেবার ব্যয় বাড়ছে। তাছাড়া চিকিৎসা চলাকালীন ক্রমাগত ওষুধ বদলানো হয়। এতে রোগীর সঠিক চিকিৎসার বিলম্বিত হয়।"
হেলথ ওয়াচের সদস্য সচিব ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ এর ডিন ড. মোশতাক চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, "বাংলাদেশে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের মধ্যে মাত্র ১৮ ভাগ সঠিক চিকিৎসা করেন। ৭৫ ভাগের চিকিৎসায় কোনও সুফল পাওয়া যায় না। আর ৭ ভাগ চিকিৎসক ভুল চিকিৎসা করে থাকেন।"
তিনি জানান, সুইডেনের দাতাসংস্থা সিডা'র অর্থায়নে বাংলাদেশ হেলথ ওয়াচ এ জরিপ পরিচালনা করে। জরিপের জন্য সারাদেশে ২৩ হাজার চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর সাক্ষাৎকার নেওয়া হয় এবং ১০৬টি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
অন্যান্যের মধ্যে সংগঠনের সদস্য ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির মহাপরিচালক ডা. হালিদা আখতার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ এন্ড ট্রেনিং এর পরিচালক ড. আহমেদ আল সাবির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সংগঠন হেলথ ওয়াচ ২০০৫ সালে কর্মকাণ্ড শুরু করে। বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রতি বছর তারা প্রতিবেদন প্রকাশ করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২০৩৪ ঘ.
bdnews24