ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক এক সাংসদের কাছ থেকে চাঁদাবাজি করায় একই দলের সহসভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে ১২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ আবু মুহসীন এ রায় দেন।
একই মামলায় হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদাকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
খবরের অন্তরালে নামে একটি সাপ্তাহিক পত্রিকার জন্য নাজমুল হুদা চাঁদা হিসেবে গাড়ি নেয়ায় বগুড়ার সাবেক সাংসদ ও পরিবহন ব্যবসায়ী জিএম সিরাজ হুদা দম্পতির বিরুদ্ধে গত বছর এই মামলা দায়ের করেন।
বিচারক রায়ে বলেন, "চাঁদা চাওয়ার জন্য সাত বছর আর চাঁদা গ্রহণের জন্য পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হল। দুই মেয়াদের কারাদণ্ড একসঙ্গে চলবে। এ কারণে নাজমুল হুদাকে সাত বছরের কারাভোগ করতে হবে।"
নাজমুল হুদাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর পর থেকে সাজার মেয়াদ কার্যকর হবে।
মামলার বলা হয়েছে, ২০০৩ সালের ২৩ ফেব্র"য়ারি অভিযুক্ত নাজমুল হুদা ও সিগমা হুদা খবরের অন্তরালের পত্রিকার কাজে ব্যবহারের জন্য চাঁদা হিসেবে বাদি বগুড়ার সাবেক সাংসদ জিএম সিরাজের কাছে দুইটি গাড়ি দাবি করেন। নাজমুল হুদা বাদিকে হুমকি দিয়ে বলেন চাঁদা হিসেবে দু'টি প্রাইভেট কার না দিলে খবরের অন্তরালে পত্রিকায় ধারাবাহিক রিপোর্ট প্রকাশ করে তার ব্যবসা বাণিজ্য ও রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দেবে। চারদিন পরে এসআর ট্রাভেলসের মালিক জিএম সিরাজ চাঁদা হিসেবে একটি মারুতি গাড়ি নাজমুল হুদাকে দেন।
এই ঘটনায় গত বছরের ২৯ জুলাই ধানমন্ডি থানায় জিএম সিরাজ খবরের কাগজের মালিক তৎকালীন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে মামলা করেন।
গত বছরের ৪ ডিসেম্বর ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম হুদা দম্পতির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়।
মামলাটিতে ব্যারিস্টার হুদা এবং অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নিজেদের পক্ষে সাফাই সাক্ষ্য দেন।
রায় দেওয়ার পরে বিচারক আসন থেকে নামার আগে অ্যাডভোকেট সিগমা হুদা বিচারককে ধন্যবাদ জানিয়ে কথা বলতে চান। বিচারক উত্তরে বলেন, "আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই। সবই আল্লাহর ইচ্ছায় বিচার হয়েছে।"
সিগমা বলেন, "আরেকটু কথা আছে। আমাকে খালাস দিয়েছেন এটা ঠিক আছে। এজন্য আপনাকে আবারো ধন্যবাদ। কিন্তু আমার স্বামী কোন টাকা পয়সা, অথবা গাড়ি চাঁদা হিসেবে তো গ্রহণ করেননি।"
বিচারক এই পর্যায়ে বলেন, "রায় তো হয়ে গেছে আমার আর কিছুই বলার নেই।"
এরপর বিচারক আসন ছেড়ে নামতে চাইলে নাজমুল হুদা তার উদ্দেশে বলেন, "আল্লাহর ইচ্ছা বাস্তবায়িত হয়েছে। সত্য মিথ্যা তিনিই জানেন। কিন্তু আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হল এটি মোটেও ঠিক হল না।"
হুদা দম্পতির আইনজীবী মো. শফি উল আলম ও সালামত উল্লাহ মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা এই রায়ের বিরুদ্ধে নাজমুল হুদার পক্ষে আপিল করবেন।
তারা জানান, এটি হুদার বিরুদ্ধে তৃতীয় রায়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল কাশেম।
গত বছরের ৩ ফেব্রয়ারি যৌথবাহিনীর সদস্যরা নাজমুল হুদাকে গ্রেপ্তার করে। সিগমা হুদা চার মাস পর ৩ জুলাই সংসদ ভবনের বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন।
সিগমা হুদা অসুস্থ হয়ে পড়লে পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে সিগমা হুদাকে হাসপাতাল থেকে আদালতে আনা হয়।
মুক্তি পেতে পারেন সিগমা হুদা:
অ্যাডভোকেট সিগমা হুদা বৃহস্পতিবার খবরের অন্তরালে চাঁদাবাজির মামলা থেকে খালাস পাওয়ায় এবং সবগুলো মামলায় জামিন পাওয়ায় শিগগিরই তিনি মুক্তি পাবেন বলে জানা গেছে।
সিগমা হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করছি আজই মুক্তি পাব।"
সিগমার আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবগুলো মামলায় জামিন পাওয়ায় এবং আজকের মামলায় খালাস পাওয়া সিগমা হুদা আজকেই মুক্তি পাবেন বলে আশা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/আরএ/জিএনএ/১৩৫৫ ঘ.
bdnews24