ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ আগামী ১৮ জুন পর্যন্ত মুলতবি করেছে আদালত।
বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো: ফিরোজ আলম আদালত মুলতবি করেন।
এর আগে বুধবার হাসিনার বিরুদ্ধে এ মামলায় নিম্ন আদালতের নথি তলব করে হাইকোর্ট। নথি তলব করার কারণে সাক্ষ্যগ্রহন পেছানো হয়েছে বলে দু'পক্ষের আইনজীবীরা জানিয়েছেন।
গত ২ জুন মামলাটি বাতিলের জন্য শেখ হাসিনা হাইকোর্টে একটি আবেদন করেন। এতে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি জামিনও চান হাসিনা।
এরপর বুধবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ বিশেষ বার্তাবাহক মারফত অবিলম্বে ওই নথি পাঠানোর জন্য সংসদ ভবনের বিশেষ আদালতকে নির্দেশ দেয়।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে আদালত শুরু হলে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউছুফ হোসেন হুমায়ন আদালতকে বলেন,"এ মামলার নথিপত্র বুধবার উচ্চ আদালত জরুরি ভিত্তিতে তলব করেছেন। এ অবস্থায় নথি না থাকলে মামলার সাক্ষ্য নেওয়া ঠিক হবে না।"
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবিএম শরফুদ্দিন খান মুকুল এ বিষয়ে আদালতে বলেন,"উচ্চ আদালত যেহেতু নথি তলব করেছেন সেহেতু পরবর্তী আদেশ না দেওযা পর্যন্ত সাক্ষ্য নেওয়া মুলতবি রাখাই ভালো। উচ্চ আদালতের আদেশে কি আছে তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া দরকার।"
এসময় বিচারক বলেন,"এ ধরনের পরিস্থিতিতে আদালত সাধারনত সম্পূরক একটি নথি রেখে বিচারকার্য পরিচালনা করে থাকেন। আমি আগামী ১৮ জুন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখলাম। উচ্চ আদালতের আদেশ দেখে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
এদিন শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট সাহারা খাতুন আদালতে হাজিরা দেন। অন্য আসামি সাবেক জ্বালানি ও বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরীও আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলায় এ পর্যন্ত মোট ছয়জনের সাক্ষী নেওয়া হয়েছে।
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ বরাদ্দ করার সময় প্রায় তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করে।
মামলার অন্য আসামিরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
মামলার অভিযোগপত্রে সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়।
গত ১৮ মে এ মামলায় সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২১ মে থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১২০৭ ঘ.
bdnews24