ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে বুধবার রাতে টেলিফানে কথা বলেছেন শেখ হাসিনা। স্বল্পতম সময়ে গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ নির্বাচনের উদ্যোগ ও পরিবেশ সৃষ্টির বিষয়ে তারা আলোচনা করেন।
রাত সাড়ে ১১টার দিকে সুধা সদনে চার উপদেষ্টার সঙ্গে বৈঠক চলার সময় ফখরুদ্দীন ও হাসিনার মধ্যে কথা হয়। সরকার ও আওয়ামী লীগ দুপক্ষই বলছে, এ বৈঠকের মধ্য দিয়ে সংলাপের আনুষ্ঠানিক শুরু হলো।
সৈয়দ আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত এক উপদেষ্টাকে ফোন করে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে প্রায় আধ ঘণ্টা কথা হয়।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত জানান।
তারা জানান, শেখ হাসিনা স্বল্পতম সময়ে গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ নির্বাচনের উদ্যোগ ও পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে বলেছেন, সরকারও একই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
হোসেন জিল্লুর রহমান বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সময় কম বলে আনুষ্ঠানিকতার অপেক্ষা না করে সংলাপের কাজ এগিয়ে নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে।"
বাণিজ্য উপদেষ্টা বলেন, "এ বৈঠকের মধ্য দিয়ে আওয়ামী লীগের সঙ্গে সংলাপের সূচনা হলো। সংলাপ একটি চলমান প্রক্রিয়া। আমাদের মধ্যে একাধিক বৈঠক হবে। শেখ হাসিনা দেশে ফিরলে চূড়ান্ত বৈঠক হবে।"
তিনি বলেন, "আমরা আনন্দিত যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আস্থার পরিবেশে আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় আমরা আগামীতে বিএনপি'র সঙ্গেও আলোচনা করব।"
রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগের যে অভিজ্ঞতা রয়েছে তত্ত্বাবধায়ক সরকার তা কাজে লাগাতে চায় বলেও মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে আলাপ প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, "জাতির সফল উত্তরণে শেখ হাসিনা তার দায়িত্ব পালন করতে পারবেন বলে আমরা আশা করি। সন্দেহে ভারাক্রান্ত জাতি হিসাবে আমরা এগুতে চাই না। পারস্পরিক বিশ্বাস নিয়ে অগ্রসর হতে চাই।"
সৈয়দ আশরাফূল ইসলাম সাংবাদিকদের বলেন, "সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা বলেছিলাম, শেখ হাসিনাকে নিয়েই সংলাপে যাব। আমরা তার নেতৃত্বেই সংলাপে গেছি। শেখ হাসিনা বিদেশ থেকে ফিরলে মূল সংলাপ হবে।"
বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা, সবার আগে জাতীয় নির্বাচন, জরুরি অবস্থা প্রত্যাহার ও আটক নেতাদের মুক্তি দাবি করা হয়েছে জানান আশরাফুল।
তিনি জানান, দু'এক দিনের মধ্যে সভাপতিমণ্ডলীর বৈঠকে সংলাপের জন্য আওয়ামী লীগ প্রতিনিধিদের নামের তালিকা চূড়ান্ত করা হবে। পরে তারিখ নির্ধারণ করা হবে।
তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গোলাম কাদের, ইফতেখার আহমদ চৌধুরী ও হোসেন জিল্লুর রহমান রাত সোয়া দশটার দিকে সুধা সদনে আসেন।
বৈঠকে শেখ হাসিনার সঙ্গে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান, সৈয়দা সাজেদা চৌধুরী, আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহম্মেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী ও সৈয়দ আশরাফুল ইসলাম।
এর আগে সুধা সদনে শেখ হাসিনার সভপতিত্বে বৈঠকে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। বৈঠকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংলাপে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
বৈঠক শেষে সুধা সদনের বাইরে এক ব্রিফিংয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী মনে করেন, সংলাপ একটি চলমান প্রক্রিয়া। তিনি দুই মাসের জন্য সাময়িক মুক্তি পেয়েছেন। তার অনুপস্থিতিতে জিল্লুর রহমানের নেতৃত্বে সরকারের সঙ্গে সংলাপ শুরু করার প্রস্তাব করেছেন তিনি। দেশে ফেরার পর তিনি নিজে এ প্রক্রিয়ায় অংশ নেবেন। কার্যনির্বাহী সংসদ সর্বসম্মতভাবে নেত্রীর এ প্রস্তাব অনুমোদন করেছে।"
শেখ হাসিনাকে উদ্ধৃত করে সৈয়দ আশরাফুল বলেন, "দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তারা ঐক্যবদ্ধ থাকায় আমি সাময়িকভাবে বেরিয়ে আসতে পেরেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএ/জেকে/এমএইচবি/ ০০৩৫ ঘ.
bdnews24