ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার অন্যতম আসামি সাবেক সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজুর রহমানকে স্থায়ী জামিন দিয়েছে আদালত।
এর আগে তিনি অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।
বুধবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার জাতীয় সংসদ ভবনে স্থাপিত তার বিশেষ এজলাসে বসে এ জামিন সংক্রান্ত আদেশ দেন।
এদিকে এ মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়েছে। আগামী ১৯ জুন অভিযোগ গঠনের জন্য নতুন দিন ধার্য করা হয়েছে।
বুধবার এ মামলার প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির করা হয়নি। আগের দিন আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ায় তাকে আসতে হয়নি। তবে তার পক্ষে অ্যাডভোকেট সাহারা খাতুন আদালতে হাজিরা দেন।
হাসিনা ছাড়া মামলার অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
সকাল ১০টার দিকে আদালত শুরু হলে জেনারেল মুস্তাফিজুর রহমানের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান তার পক্ষে স্থায়ী জামিনের আবেদন জানান।
তিনি আদালতকে বলেন, মুস্তাফিজুর রহমান গুরুতর অসুস্থ। এ মামলায় তাকে স্থায়ী জামিন দিলে তার সুচিকিৎসা নিশ্চিত হবে। এছাড়াও মুস্তাফিজকে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুমতির জন্য তিনি আদালতের কাছে আবেদন জানান।
আদালত জেনারেল মুস্তাফিজকে স্থায়ী জামিন দিলেও বিদেশে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আদেশ দেবেন আগামী ১৯ জুন তারিখে।
বিলুপ্ত দুর্নীতি ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে এই ৮টি মিগ-২৯ বিমান কেনায় রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই শেখ হাসিনা এ মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এর কার্যক্রম স্থগিত করে দেয়।
মামলার অপর আসামিরা হলেন, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মির্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের স্বত্ত্বাধিকারী ব্যবসায়ী নূর আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এসকে/১১৩৫ঘ.
bdnews24