ঢাকা, জুন, ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুর্নীতির মামলায় বিএনপির তিন নেতার স্ত্রী-মেয়েকে তিন মাসের অন্তবর্তীকালীন আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
এরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী বিলকিস আক্তার হোসেন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরা ও কন্যা সারিকা সাদেক এবং বরিশালের মেয়র মুজিবুর রহমান সারোয়ারের স্ত্রী সৈয়দা নাসিমা সারোয়ার।
সোমবার বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মোশাররফ, খোকা এবং সারোয়ারের স্ত্রী ও মেয়ের পৃথক তিনটি আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
পাশাপাশি তাদেরকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবেনা আগামী তিন সপ্তাহের মধ্যে সরকারকে তার কারণ দর্শাতে বলা হয়েছে।
আগাম জামিন আবেদনের ওপর শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "কারো বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ থাকলে তাকে জামিন মঞ্জুর করতে হাইকোর্টের কোন বাধা নেই।"
আরেক আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, "অসৎ উদ্দেশ্যে ও বেআইনীভাবে তাদের বিরুদ্ধে এ মামলাগুলো দায়ের করা হয়েছে। তাই আপিল বিভাগের গত ২৩ এপ্রিলের জামিন সংক্রান্ত রায়ের আলোকে তাদেরকে জামিন দিতে পারে হাইকোর্ট।"
কৌসুলিরা আরও বলেন, জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ ঘ এর বিধান অনুসারে মূল অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ও সন্তানকে আদালত জামিন মঞ্জুর করতে পারবে।
সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল সফিকুল আলম এই বক্তব্য সমর্থন করে বলেন, জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ ঘ এর বিধান অনুসারে মূল অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ও সন্তান জামিনের আবেদন করতে পারেন। তবে জামিন দেওয়া না দেওয়ার এখতিয়ার আদালতের।
গত ১০ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সফিউল আলম রমনা থানায় খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেন। তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
মামলায় তাদের বিরুদ্ধে ১২ কোটি ৫১ লাখ ৬ হাজার ৬৬৬ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ১১ লাখ ৩৮ হাজার ৬৬৮ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
এরপর গত ২ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম রমনা থানায় সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধেও দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
মামলায় তাদের বিরুদ্ধে ১৭ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৪০৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৯ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ২৬৭ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
গত বছর ৩১ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক এ কে এম ফজলুল হক বরিশাল কোতোয়ালী থানায় বরিশালের মেয়র মুজিবুর রহমান সরোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
মামলায় তাদের বিরুদ্ধে ৯ কোটি ৯২ লাখ ৬৪ হাজার ৩১ টাকা ২৩ পয়সার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৮৫ লাখ ১২ হাজার ৫৭৬ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৬০০ঘ.
bdnews24