ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা সরাসরি রেল চলাচলের সমস্যাগুলো আগামী ছয় মাসের মধ্যে সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী।
সোমবার সকালে সচিবালয়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ভারতীয় রাষ্ট্রদূত এই আশাবাদ ব্যক্ত করেন।
যোগাযোগ উপদেষ্টার সঙ্গে তার গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করার পর পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, "দু'দেশের মধ্যে রেল যোগাযোগে বিরাজমান সমস্যাগুলো সমাধানের বিষয়ে যোগাযোগ উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। বৈঠকে যাত্রাকাল দুই ঘন্টা কমানো, সীমান্তবর্তী স্টেশনে প্ল্যাটফর্ম নির্মাণ, যাত্রীদের ভিসা ও টিকেটসহ অন্যান্য চেকিং পদ্ধতির পরিবর্তন করে সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।"
তিনি আরও বলেন, "যোগাযোগ উপদেষ্টাকে জানানো হয়েছে বাংলাদেশ থেকে ভারতে গমনেচ্ছু রেল যাত্রীর সংখ্যা অনেক। কিন্তু এখানকার ভিসা অফিসের স্থান এবং জনবল কম থাকায় বেশ কিছু সমস্যা হচ্ছে। এ সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।"
তবে বৈঠকের বিষয়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এসকে/১৩৫৭ঘ.
bdnews24