২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় দুটি লঞ্চের সংঘর্ষ; মা-ছেলেসহ তিন জন নিহত

মেঘনা নদীতে সোমবার ভোররাতে দুটি লঞ্চের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। রাত পৌনে ২টার দিকে চাঁদপুর সদরের চিরারচর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 07:21 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

চাঁদপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীতে সোমবার ভোররাতে দুটি লঞ্চের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। রাত পৌনে ২টার দিকে চাঁদপুর সদরের চিরারচর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম। নিহতরা হলেন, বরিশালের মুলাদী উপজেলার কাচিরচর এলাকার ফরিদ হাওলাদারের স্ত্রী রেশমা বেগম (২৮) ও তার ছেলে সিফাত (৫) এবং একই উপজেলার কাণ্ডপাশা এলাকার আজহার আলী মৃধার ছেলে শহিদুল ইসলাম (১৬)। দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। শরীয়তপুরের ডামুড্ডা থেকে ঢাকাগামী স্বর্ণদ্বীপ-৭ এবং ঢাকা থেকে বরিশালের গৌরনদীগামী এমভি মানসী-২ নামের যাত্রীবাহী লঞ্চের মধ্যে ওই সংঘর্ষ হয়। পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বর্ণদ্বীপ-৭ লঞ্চটি ডামুড্ডা থেকে ঢাকা যাচ্ছিল। অপর লঞ্চ এমভি মানসী-২ যাচ্ছিল গৌরনদী। রাত পৌনে ২টার দিকে মাঝনদীতে স্বর্ণদ্বীপ লঞ্চটি মানসীকে ধাক্কা দেয়। এতে তিন জন লঞ্চ থেকে পড়ে পানিতে ডুবে মারা যায়। আহত হয় পাঁচ জন।" হতাহতদের সবাই মানসী লঞ্চের যাত্রী বলে পুলিশ জানিয়েছে। আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সংঘর্ষের পরপরই স্বর্ণদ্বীপ লঞ্চটি ঢাকায় চলে যায়। ক্ষতিগ্রস্ত লঞ্চ মানসীকে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়েছে। লাশ তিনটি থানায় রাখা আছে। আহতদের মধ্যে বরিশালের মুলাদী উপজেলার চর মাদরবা এলাকার দুলাল সরদারের মেয়ে সুরমা (১৪) ও একই উপজেলার কাচিরচর এলাকার ফরিদ উদ্দিনের ছেলে শিমুকে (৫) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর তিন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি। নিহত যাত্রীদের আত্মীয়-স্বজন এলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম। দুর্ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ যোগাযোগ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপ-পরিচালক আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, স্বর্ণদ্বীপ নামের লঞ্চটি মানসী লঞ্চটিকে ধাক্কা দেওয়ার এ দুর্ঘটনা ঘটেছে।" বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আলমগীর কবীর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩০৬ ঘ.