ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটপাতে ব্যবসা করার জন্য হকারদের পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মহানগর পুলিশের কমিশনার নাইম আহমেদ জানিয়েছেন, তার কার্যালয় থেকে এ পরিচয়পত্র দেয়া হবে।
রাজধানীতে হকারদের জন্য নির্ধারিত ১৬টি পয়েন্টে এই পরিচয়পত্র ব্যবহার করে ব্যবসা করা যাবে।
শনিবার রায়েরবাজার পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নাইম আহমেদ এ কথা জানান।
তিনি বলেন, আস্থার অভাবেই সাধারণ মানুষ এতোদিন পুলিশকে তথ্য দিত না। তবে এখন অবস্থার উন্নতি হয়েছে।
তার ভাষায় পুলিশ এখন সত্যিকার অর্থেই 'আইনগত সেবা প্রদানকারী সংস্থা'; থানাগুলো 'আইনগত সেবা প্রদানকারী কেন্দ্র'।
পুলিশ কমিশনার বলেন, "পুলিশের মধ্যে পেশাদারিত্ব না থাকলে সাধারণ মানুষকে সেবা দেয়া যায় না।"
তিনি জানান, সাধারণ মানুষ যাতে সেবা নিতে এসে পুলিশের হয়রানির শিকার না হয় সেজন্য ঢাকা মহনগরীতে পুলিশের ২০০ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। থানাগুলোতে কর্মকর্তাদের কাজ গোপনে তদারকি করা হচ্ছে। মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট থানা পুলিশের আচরণ সর্ম্পকেও খোঁজ খবর নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান জানান, স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে পুলিশের পক্ষ থেকে রায়েরবাজার পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হয়েছে। এ কাজে সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ পুলিশ কশিনার (তেজগাঁও জোন) মাহবুবর রহমান, যুগ্ম কমিশনার (ট্রাফিক) জসিম উদ্দিন, উপকমিশনার (রমনা) আতিকুল ইসলাম, উপকমিশনার (স্টেট) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, উপকমিশনার (ট্রাফিক) আলতাফ আলি ফকির, মোহাম্মদপুর সেনা ক্যাম্পের মেজর কাজি মো. রফিকুল ইসলাম, র্যাব- ২ এর ক্যাপ্টেন এসএম ফয়সল, স্থানীয় ওয়ার্ড কমিশনার জসিম উদ্দিন মাহমুদ, চলচ্চিত্র পরিচালক নাদের খান, ব্যবসায়ী মাইনুদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জেকে/এমএইচবি/২২০০ ঘ.
bdnews24