ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি অনির্বাচিত সরকার জনগণের ওপর করারোপ করতে পারে না মন্তব্য করে অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেছেন, পরপর দ্বিতীয় বছরের মতো বাজেট উপস্থাপন করার আগে এ সরকারের উচিত সুপ্রিমকোর্টের দিক নির্দেশনা নেয়া।
শনিবার 'জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয় বাজেট: কতিপয় প্রস্তাবনা' শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
আগামী সোমবার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজজুল ইসলামের ২০০৮-০৯ অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করার কথা রয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বাপা সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে আতিউর রহমানের সঙ্গে যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরিফুর রহমান।
আতিউর রহমান বলেন, "একটি অনির্বাচিত সরকার পরপর দ্বিতীয় বছরের মতো বাজেট দিতে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। অনির্বাচিত সরকার জনগণের ওপর করারোপও করতে পারে না। তাই এবার বাজেট উপস্থাপনের আগে সরকারের উচিত ছিল সুপ্রিমকোর্টের দিক নির্দেশনা নেয়া। আদালত এ ব্যাপারে সরকারকে সঠিক দিক নির্দেশনা দিতে পারতো।"
তার মতামত সমর্থন করে অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, "৯০ দিনের মধ্যে নির্বাচন না করে সরকার আগেই সংবিধান লঙ্ঘন করেছে। সুপ্রিমকোর্টও এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। তবে 'ডকট্রিন অব নেসেসিটি'র ভিত্তিতে এ সরকার কাজ করছে। দ্বিতীয়বার বাজেট দেয়ার আগে সরকার সুুপ্রিমকোর্টের কাছে রেফারেন্স চাইলে কোনো ক্ষতি ছিল না।"
আতিউর রহমান বলেন, অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে দেশে সামাজিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দেয়।
তিনি বলেন, "এবারের বাজেট হওয়া উচিত জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলার বাজেট। তাহলে দারিদ্র্য মোকাবেলা করা সহজ হবে।"
বাজেটে পরিবেশ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আতিউর রহমান বলেন, "জলবায়ুর পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ ও তীব্রতা দুটোই বেড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই দেশে মুদ্রাস্ফীতি ও দারিদ্র্য বাড়ছে।
পাট খাতকে পুনরুজ্জীবিত করা গেলে তা পরিবেশ সহায়ক টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।
মোজাফফর আহমদ বলেন, "বাংলাদেশে ৮০ থেকে ৮৫ ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। অথচ দুটি পিআরএসপির একটিতেও দারিদ্র্য কমানোর ব্যাপারে তেমন কোনো দিক নির্দেশনা নেই।"
'নাগরিক উদ্যোগ' এর নির্বাহী পরিচালক জাকির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মাহবুবা নাসরিন, বাপার নির্বাহী সদস্য ড. মাহবুবুর রহমান, সালমা সাদিক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২০১৭ ঘ.
bdnews24