চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার এবং পাহাড়তলী বধ্যভূমিতে একটি বেসকারি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ বন্ধের দাবিতে নগরীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদ পরিবারসহ ৯১টি সংগঠন শুক্রবার এক গণসম্মেলনের আয়াজন করে।
বিকেলে পাহাড়তলী বধ্যভূমিতে এ গণসম্মেলনের প্রধান অতিথি শাহরিয়ার কবির বলেন, "জামায়াতে ইসলামীর চাপে পড়ে কিংবা তাদের আর্ন্তজাতিক মুরুব্বিদের কথায় বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ না নিলে এর দায় বহন করতে হবে ফখরুদ্দিন আহমেদের সরকারকে।"
দেশের বৃহত্তম এই বধ্যভূমি সরকারের অধিগ্রহণে থাকার পরও কীভাবে এই জমির ওপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ করা হচ্ছে তা নিয়ে গণসম্মেলনে প্রশ্ন তোলেন বক্তারা। ভবন নির্মাণ বন্ধ ও বধ্যভূমি সংরক্ষণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
প্রবীণ রাজনীতিক আবু সালেহ'র সভাপতিত্বে গণসম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, ফাহিম উদ্দিন, সন্তোষ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গাজী সালেহউদ্দিন, সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী ও হোসাইন কবির, নারী নেত্রী নূরজাহান খান, জেসমিন সুলতানা পারু, পেশাজীবী সমন্বয় পরিষদ নেতা অ্যাডভোকেট আবুল হাসেম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/০০২০ ঘ.
bdnews24