ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার ৬ দফা দিবস। ১৯৬৬ সালের ৭ জুন বাঙালি জাতির মুক্তির সনদ ৬-দফা দাবি আদায়ে ঢাকাসহ সারা বাংলায় আওয়ামী লীগের ডাকে হরতাল পালিত হয়। হরতাল চলাকালে পাকিস্তানি সৈন্যদের গুলিতে মনু মিয়াসহ ১১ জন নিহত হন। গ্রেপ্তার হন শতাধিক। স্বাধিকারের এই আন্দোলন ও আত্মত্যাগের পথ বেয়েই থেকে শুরু হয়েছিল বাঙালির স্বাধীনতার সংগ্রাম।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। দিনের শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া বিকাল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জাতীয় গণতান্ত্রিক লীগ ও মেহেদীগঞ্জ আওয়ামী ফোরাম এ উপলক্ষে সকাল ১১টায় সেগুন বাগিচায় ঢাকা কর আইনজীবী সমিতি মিলনায়তনে যৌথভাবে একটি আলেচনা সভা করবে।
১৯৬৬ সালের ৫ ফেব্র"য়ারি লাহোরে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬-দফা উত্থাপন করেন। ওই বছরের ১ মার্চ ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে বাঙালির মুক্তি ও স্বাধিকারের দাবি হিসেবে ৬-দফা ঘোষণা করেন তিনি।
এর আগে ১৯৬৬ সালে ৫ ফেব্র"য়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে স্বায়ত্ত্বশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি উত্থাপন করেন। এসব দাবির মূল কথা ছিল পাকিস্তানে একটি ফেডারেল বা যৌথ সরকার প্রতিষ্ঠা করে প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্ত্বশাসন দিতে হবে।
ওই বছর ২১ ফেব্র"য়ারি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই ৬ দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচির প্রস্তাপ উপস্থাপন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাজউদ্দিন আহমেদের ভূমিকাসহ এই ৬ দফা দাবিনামা একটি বুকলেট আকারে প্রকাশ করা হয়। ১৯৬৬ সালের ১৮ মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে সেই বুকলেট বিলি করা হয়।
৬ দফা আদায়ের কর্মসূচির অংশ হিসেবে ৭ জুন ঢাকাসহ সারা বাংলায় হরতাল ডাকে আওয়ামী লীগ। বাঙালির স্বাধিকার আন্দোলন দমাতে ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গীতে গুলি চালায় পাকিস্তানি সৈন্যরা। ওইদিনের শহীদদের সঙ্গে আরো অগণিত বীর বাঙালির আত্মত্যাগের মধ্য দিয়েই স্বাধীনতার পথে এগিয়ে যায় বাংলাদেশ।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যথাযোগ্য মর্যাদায় ৬-দফা দিবস পালনের জন্য দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরবি/জেকে/এমএইচবি/২৩৫৪ ঘ.
bdnews24