ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর নয়াপল্টনে অরচার্ড প্লাজা হোটেলে গত রোববারের বিস্ফোরণে আহত শ্রীলঙ্কান নাগরিক এ আর সামান তিলক শুক্রবার মোহাম্মদপুরের সিটি হাসপাতালে মারা গেছেন।
ওই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা তিন এ দাঁড়ালো। এর আগে দুর্ঘটনায় আহত হোটেলের হাউজ কিপার আলী আজম আহমেদ সোমবার মারা যান। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কিরণ নামে হোটেলের আরো একজন কর্মচারী।
শুক্রবার দুপুরে সামান তিলকের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে ব্যাংক অব সিলনের কর্মকর্তারা লাশ নিয়ে যান।
ব্যাংক অব সিলনের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে জানান, ব্যাংকের বার্ষিক হিসাব নিরীক্ষার কাজে সামান তিলক গত ২৯ মে বাংলাদেশে আসেন। এর আগে ২০০৪ সালে তিনি একবার বাংলাদেশে এসেছিলেন।
কর্মকর্তারা জানান, তিলকের স্ত্রী গত বুধবার বাংলাদেশে আসেন। তিনি রাজধানীর একটি হোটেলে অবস্থান করছেন। সামান তিলক দম্পতির ১৪ বছর বয়সী একটি মেয়ে ও ৯ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
গত রোববার রাতে অরচার্ড প্লাজায় দু'দফা বিস্ফোরণে প্রায় ৩০ জন আহত হন। রাত সোয়া ৯টার দিকে প্রথম এবং সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দফা বিস্ফোরণ ঘটে। এতে দমকল কর্মী, সাংবাদিক, পুলিশ ও র্যাব সদস্যসহ হোটেল কর্মচারীরা আহত হন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক গোলযোগ বা গ্যাস লিকেজ থেকে তা ঘটতে পারে বলে অনুমান করছেন তদন্ত কর্মকর্তরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/একেএম/টিএইচ/জেকে/১৮৪৫ ঘ.
bdnews24