খুলনা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- খুলনার রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলের সিবিএ সভাপতি আব্দুস সাত্তার মোল্লা এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাদের বরখাস্ত করে একটি নোটিশ বৃহস্পতিবার সকালে কারখানার নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়।
তারা দুজনই বর্তমানে পলাতক আছেন।
ষ্টার জুট মিলের প্রকল্প প্রধান বনি ইসরাইল শেলী জানান, দীর্ঘদিন ধরে আব্দুস সাত্তার মোল্লা এবং আনিছুর রহমান অনুপস্থিত রয়েছেন। কাজে যোগ দিতে তাদের চিঠি ও মৌখিকভাবে জানানো হলেও তারা যোগ দেননি। এ ছাড়া দুজনের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।
খুলনার দিঘলিয়া থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, ষ্টার জুট মিলের সিবিএ সভাপতি আব্দুস সাত্তার মোল্লা ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাত এবং হুমকির অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মিলের শ্রমিক মাহবুবুর রহমান গত ২৬ মার্চ মামলাটি করেন।
তারপর থেকে তারা পলাতক রয়েছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৪ ঘ.
bdnews24