ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) ও দৈনিক ইত্তেফাক জাতীয় প্রেস ক্লাবে যৌথভাবে সেমিনার, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
অনুষ্ঠানে লিবারেল আর্টস ইউনিভার্সিটি অব বাংলাদেশে-এর উপাচার্য ও নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, সব সাহিত্যিকই কোন না কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। শুরুতেই নজরুলও সাংবাদিকতা করেছেন। তার লেখার মূল বিষয় ছিল স্বাধীনতা। তিনিই প্রথম ভারতের পূর্ণাঙ্গ স্বাধীনতা দাবি করেন 'ধূমকেতু'তে।
'সাংবাদিকতায় রবীন্দ্র-নজরুল ও আধুনিক ধারা' শীর্ষক সেমিনারে ডিএসইসি সভাপতি শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহর লেখা মূল প্রবন্ধে বলা হয়, রবীন্দ্রনাথ ও নজরুল সাংবাদিকতায় যে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন তা আধুনিক সাংবাদিকতার মূলমন্ত্র। বর্তমানে মিডিয়া জগতে বহুমাত্রিক পরিবর্তন এলেও তাদের দেশপ্রেম, নির্লোভ, বস্তুনিষ্ঠ ও অসাম্প্রদায়িক মনোভাব আজকের সাংবাদিকতার জন্যও অপরিহার্য। প্রবন্ধটি উপস্থাপন করেন শাহানা শিউলী।
কথাসাহিত্যিক, সাংবাদিক রাহাত খান বলেন, নজরুল তৎকালীন বাস্তবতাকে চিত্রায়িত করতে সংবাদপত্রে ভাষা দিয়েছেন। তিনি প্রায় সাহিত্যের ভাষায় সংবাদপত্রের লেখা লিখতেন।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, রবীন্দ্রনাথ-নজরুল আধুনিক সাংবাদিকতায় প্রেরণা যুগিয়েছেন। সাংবাদিকতাকে করেছেন মহিমান্বিত।
তিনি বলেন, সাংবাদিকের মূল কাজ বার্তা সহজ ভাষায় পরিবেশন করা।
অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, দৈনিক পত্রিকার যে চরিত্র তার সঙ্গে রবীন্দ্রনাথের সাংবাদিকতার সম্পর্ক নেই। কিন্তু তার কাছ থেকে আমরা ভাষার পরিবেশনা শিখতে পেরেছি। আর নজরুল সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছেন।
সেমিনারে আরো বক্তব্য দেন ইত্তেফাকের ভারপ্রাপ্ত কার্যনির্বাহী সম্পাদক সৈয়দ তোশারফ আলী, মুহঃ আরিফ-উদ-দৌলা, সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আল-মামুন, সাবেক সভাপতি মীর মোস্তাফিজ আহমেদ ও কায়কোবাদ মিলন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মাহিদুল ইসলাম, লায়লা তারন্নুম কাকলী, রেজিনা ওয়ালী খান, রবি শঙ্কর মৈত্রী, দেবাশীষ রূপন।
সঙ্গীত পরিবেশন করেন সুজিত মোস্তফা, মীর মহিউদ্দিন সোহান, বদরুন্নেসা ডালিয়া, উত্তম কুমার, শিরিন আক্তার চন্দন, হাসান মাহমুদ, নূরতাজ পারভীন শিউলী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/১১৩৮ঘ.
bdnews24