ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী এলাকার সীমনা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপত্তি আবেদনের শুনানি হবে বিভাগীয় পর্যায়ে। ঢাকা বিভাগের শুনানি হবে আগরগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে। অন্য বিভাগের শুনানি হবে বিভাগীয় সার্কিট হাউসে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
৭৬টি নির্বাচনী এলাকা থেকে আপত্তি এসেছে জানিয়ে তিনি বলেন, "নির্বাচন কমিশনে ঢাকা বিভাগের সংসদীয় এলাকার আপত্তি আবেদনের শুনানি হবে। আমরা (সিইসি ও নির্বাচন কমিশনার) বিভাগীয় পর্যায়ে গিয়ে বাকি শুনানি করব।"
সীমানা পুনর্নির্ধারণ নিয়ে অবশ্য প্রায় তিন হাজার আবেদন জমা পড়েছে জানিয়ে ছহুল হোসাইন বলেন, একটি আসনের একই বিষয়ে কয়েকশ' আবেদন জমা পড়েছে। তবে বড় ধরনের পুনর্বিন্যাস হয়েছে এমন নির্বাচনী এলাকা থেকে আবেদনের সংখ্যা ৮ থেকে ১০টির বেশি হবে না।
আগামী ১৫ জুন শুরু হয়ে শুনানি ২৯ জুন পর্যন্ত চলবে উল্লেখ করে তিনি জানান, শুনানিসংক্রান্ত বিষয়ে স্থানসূচিসহ বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
গত ২৯ এপ্রিল ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত খসড়া গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে ১৩৩টি আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়। পুনর্বিন্যাসে দেখা যায়, ছোটখাটো পরিবর্তন হয়েছে ৩২টি আসনে, পুনর্গঠন করা হয়েছে ২০টি এবং অন্যান্য পরিবর্তন হয়েছে ৪২টি আসনে। এছাড়া একাধিক এলাকার সমন্বয়ে পুনর্নির্ধারিত আসনের সংখ্যা ৩৯টি।
খসড়া গেজেট প্রকাশকালে নির্বাচন কমিশন এ বিষয়ে আপত্তি থাকলে তা জানানোর জন্য ১ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়। এসময় সিইসি জানান, আপত্তি মীমাংসা করে ৩০ জুনের মধ্যে সীমানা নির্ধারণ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএইচবি/২০৩৬ ঘ.
bdnews24