২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় তিনটি পাটকলে শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন

বকেয়া মজুরি পরিশোধ, ২৫ ভাগ মহার্ঘ ভাতা ও জাতীয় বাজেটে পাট শিল্পের জন্য অর্থ বরাদ্দসহ ৮ দফা দাবিতে নগরীর খালিশপুর শিল্পঞ্চলের তিনটি পাটকলের স্থায়ী শ্রমিকরা খালি থালা বাসন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

খুলনা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া মজুরি পরিশোধ, ২৫ ভাগ মহার্ঘ ভাতা ও জাতীয় বাজেটে পাট শিল্পের জন্য অর্থ বরাদ্দসহ ৮ দফা দাবিতে নগরীর খালিশপুর শিল্পঞ্চলের তিনটি পাটকলের স্থায়ী শ্রমিকরা খালি থালা বাসন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার সকালে ক্রিসেন্ট, স্টার ও প্লাটিনাম পাটকলের শ্রমিকরা নিজ নিজ কারখানার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ সময় মিল তিনটিতে উৎপাদন বন্ধ ছিল। অবস্থান কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, রাষ্ট্রয়াত্ত পাটকলের শ্রমিকরা ন্যায়সঙ্গত ৮ দফা দাবি জানালেও মিল কর্তৃপক্ষ বা বিজেএমসি সে দাবি গ্রাহ্য করছে না। ৪ জুনের মধ্যে শ্রমিকদের এসব দাবি মেনে না নিলে ৬ জুন শুক্রবার বিকেলে ক্রিসেন্ট শ্রমিক কলোনী মাঠে সমাবেশ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে শ্রমিক নেতারা জানান। ক্রিসেন্ট মিলের সমাবেশে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা সোহরাব হোসেন, সাদেক হোসেন, হাসেম চৌধুরী, আবু হাফেজ মুন্সী, বাদশা। স্টার মিলের সমাবেশে বক্তব্য রাখেন- গাজী মাসুম, মোল্লা জাকি, আবুল বাশার, লিয়াকত হোসেন, আইয়ুব আলী। প্লাটিনাম মিলের সমাবেশে আশরাফ হোসেন, মুজিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, হাসেম আলী প্রমুখ বক্তব্য রাখেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনটি পাটকলের কর্মকর্তাকে নিজেদের প্রধান কার্যালয়ে অবরুদ্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। এ ব্যাপারে বিজেএমসি খুলনার আঞ্চলিক সমন্বয়কারী মো. আবু তাহের জানান, শ্রমিকরা তাদের ৮ দফা দাবিতে থালা বাসন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এতে এক ঘন্টা উৎপাদন বন্ধ ছিল। পরে উৎপাদন স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৫ ঘ.