২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন দাবিতে সাভারে পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ ভাংচুর

সাভারের নরসিংহপুর এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোসহ ১৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে। তারা পাশের একটি কারখানার গাড়ি ও দরজা-জানলার কাচও ভাংচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

সাভার, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নরসিংহপুর এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোসহ ১৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে। তারা পাশের একটি কারখানার গাড়ি ও দরজা-জানলার কাচও ভাংচুর করে। পরে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফেরদৌস ইসলাম জানান, শনিবার বিকাল চারটার দিকে মেডলার এ্যাপারলেস লিমিটেড নামে একটি পোশাক কারখানার প্রায় তিন হাজার শ্রমিক বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে। তারা প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় শ্রমিকরা ১৪/১৫টি গাড়ি ভাংচুর করেছে। তিনি জানান, এর মধ্যে এক থেকে দেড় হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে পাশের স্টারলিংক স্টাইল লিমিটেডের কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে জানালা-দরজার গ্লাস ভাংচুর করে। তারা ওই কারখানার শ্রমিকবাহী (চট্টগ্রাম মেট্রো-১৮৭১) একটি বাসও ভাংচুর করে। এ সময় স্টার লিংকের কর্মচারিরা লাটিসোটা নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া করলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে দুপক্ষের প্রায় ১৫জন আহত হন। আহতদের মধ্যে সাগর, জসিম ও আমিনুরকে স্থানীয় একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পরে বিকাল পাঁচটার দিকে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেডলার এ্যাপারলেস কারখানার শ্রমিক সুমন, সালেহীন, রাজ্জাক, রোকেয়া, শিল্পী, আবু বক্কর, দ্বীন ইসলাম, অনিকা ও কল্পনাসহ বেশ কয়েকজন শ্রমিক জানান, রোববার দুপুরের মধ্যে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনে যাবেন তারা। তারা জানান, ১৫ শতাংশ বেতন বৃদ্ধি, হাজিরা বোনাস (মাসের প্রতিদিন কাজ করার ওপর বোনাস), যাতায়াতের জন্য গাড়ি অথবা ভাতা, ছুটির দিনে কাজ করার বকেয়া টাকা একমাসের মধ্যে পরিশোধসহ তারা ১৩ দফা দাবি উত্থাপন করেছেন। কারখানার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সকাল ১০টার দিকে মালিক আরিফুর রহমান সিনহা, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার নজমুল হোসাইন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের উপস্থিতিতে ২০/২৫ জনের শ্রমিক প্রতিনিধি দলের সঙ্গে সমঝোতা বৈঠক হয়েছে। ওই বৈঠকে আরিফুর রহমান সিনহা শ্রমিক প্রতিনিধিদের বলেছেন 'জোর করে আপনারা আমার কাছ থেকে দাবি আদায় করতে পারবেন না, আমি স্বেচ্ছায় না দেওয়া পর্যন্ত'। মালিকের এই বক্তব্যে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায় বলে আসাদুজ্জামান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১১৮ ঘ.