ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীতে শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে মো. জামাল হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত জামাল পেশায় মোটর মেকানিক ছিল। সে পরিবারের সদস্যদের নিয়ে মহাখালীর সরকারী ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএইচটি) এলাকার একটি বাসায় থাকতো। তার দেশের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ছোট ভাই আব্দুল আওয়াল হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল আটটার দিকে স্থানীয় যুবক রফিক ও রুবেল বাসায় এসে জামালকে ডেকে নিয়ে যায়। তাকে বাসা থেকে ৫০ গজ দূরে একটি দোকানের কাছে নিয়ে যায় তারা। সেখানে আরো দুই সন্ত্রাসী অপেক্ষা করছিল। জামালের সঙ্গে কোনো বিষয়ে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তার পিঠ, তলপেট ও নিতম্বে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
গুরুতর আহত জামালকে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
আব্দুল আওয়াল বলেন, "জামালের সঙ্গে আগে থেকেই রুবেল ও রফিকের বিবাদ ছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে।"
গুলশান থানার উপ-পরিদর্শক সৈয়দা জাকিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে নিহতের স্বজনরা মামলা করবেন বলে জানিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২০৩০ ঘ.
bdnews24