ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুনের দায়ে মিজান নূর আল রহমান আইয়ুব মিয়া নামের এক বাংলাদেশীকে মৃত্যুদণ্ড দিয়েছে বাহরাইনের আদালত। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট 'অল হেডলাইন নিউজ' (এএইচএন) বৃহস্পতিবার এ খবর জানায়।
আইয়ুবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ২০০৬ সালের একটি ঘটনায়। তবে গত সপ্তাহে এক বাংলাদেশী শ্রমিক আরেকজন বাহরাইনী নাগরিককে খুন করার পর আইয়ুবের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।
আইয়ুব বাহরাইনে বাবুর্চির কাজ করতেন। ২০০৬ সালে সানা আল জালাহমা নামে এক ফ্যাশন ডিজাইনারকে হত্যার দায়ে অভিযুক্ত হন তিনি।
এএইচএন এর প্রতিবেদনে বলা হয়েছে, "আইয়ুব মিয়ার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার সিদ্ধান্ত হলেও এখনো তারিখ নির্ধারণ করা হয়নি।"
আইয়ুব মিয়ার বিরুদ্ধে এ হত্যা মামলাটি প্রায় দুই বছর আদালতে ঝুলে ছিল। গত বৃহস্পতিবার দেশটির বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা মামলাটির বিচার কাজ দ্রুত শেষ করার আদেশ দিলে আদালত রায় ঘোষণা করে।
বাহরাইনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস এর কর্মী নাবিল রজবকে উদ্ধৃত করে এএইচএন এর প্রতিবেদনে বলা হয়েছে, "গোটা বাহরাইনে বাংলাদেশবিরোধী মনোভাব তৈরি হয়েছে এমন এক সময় আদালত আইয়ুবকে মৃত্যুদণ্ড দিল।"
এএইচএন কে রজব বলেন, "একটি ভুল সময়ে এই মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। অভিযুক্ত বাংলাদেশী নাগরিকটি কি সুবিচার পেয়েছেন? তিনি কি আইনজীবীর সহায়তা পেয়েছিলেন? তার বিচার প্রক্রিয়া কি বাংলাদেশের দূতাবাস পর্যবেক্ষণ করেছে? এই রায়ে এরকম বেশ কিছু প্রশ্ন উঠে এলেও এরকম জটিল পরিস্থিতিতে কোনো উত্তর খোঁজা যাবে না।"
গত সপ্তাহে জসিম দোসারি নামের আরেক বাহরাইনি নাগরিক বাংলাদেশী শ্রমিকের হাতে নিহত হওয়ার পর দেশটির আইনপ্রণেতাদের একাংশ সেখান থেকে সব বাংলাদেশীকে বহিষ্কার করার দাবি তোলে।
ওই ঘটনার পর বাহরাইন সরকার বাংলাদেশ থেকে নতুন শ্রমিক নিয়োগ এবং পুরনো শ্রমিকদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ করে দেয়।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে শ্রমিক নিয়োগের প্রক্রিয়ার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী গত বুধবার বাহরাইনের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে টেলিফোনে বলেন, "একজনের অপরাধে গোটা জাতিকে শাস্তি দেওয়া ঠিক হবে না।"
মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশীদের প্রতি সেখানকার স্থানীয় আইন মেনে চলারও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।
৮ লাখ লোক অধ্যুষিত বাহরাইনে বর্তমানে প্রায় ৮৬ হাজার বাংলাদেশী বসবাস করছেন।
বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরবে শ্রমিকদের আইনবিরোধী কাজের অভিযোগে বাংলাদেশ বিরোধী মনোভাব সৃষ্টি হওয়ার কিছুদিন পর বাহরাইনের এ ঘটনা ঘটলো।
বিডিনিউজ টোয়েন্টোফোর ডটকম/কেআরসি/এডি/জেকে/এসকে/১৯১৪ঘ.
bdnews24