খুলনা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে শনিবার। মহানগরীর সার্কিট হাউস মাঠে মেলা উদ্বোধন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বস্ত্র ও পাট উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল।
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ বেনারসী মসলিন অ্যান্ড জামদানি সোসাইটি যৌথভাবে এই মেলা আয়োজন করেছে।
বৃহস্পতিবার দুপুরে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলনায় সপ্তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১৬টি প্যাভিলিয়ন এবং ১৫০টি স্টল থাকবে। দেশি-বিদেশি ১৫০টি প্রতিষ্ঠান মেলায় তাদের শিল্প ও বাণিজ্যিক পণ্য প্রদর্শন ও বিপনণ করবে।
ইতোমধ্যে পাকিস্তান, ইরান, চীন, থাইল্যান্ড ও কোরিয়াসহ কয়েক দেশ, বিভিন্ন বহুজাতিক ও দেশীয় কোম্পানি মেলায় তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
মেলায় সিরামিক, মেলামাইন, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার, টেক্সটাইল, প্রসাধন দ্রব্য, আসবাবপত্র, গার্মেন্টস, খাদ্যসামগ্রী, সিমেন্ট, যানবাহন, হস্তশিল্প, যন্ত্রপাতি ছাড়াও বিভিন্ন ধরণের পণ্য থাকবে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। শুক্রবার জুমার নামাজের জন্য বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত মেলা বন্ধ থাকবে। মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০টাকা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা চেম্বারের সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চেম্বারের উর্ধ্বতন সহসভাপতি ফরহাদ আহমেদ আকন্দ বাপ্পি, পরিচালক শাহাদাৎ হোসেন বাদশা ও মাহমুদ আহসান টিটো প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১২ ঘ.
bdnews24