২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসিক গ্রাহক ফি ২৫ ভাগ কমাবে আইএসপি অ্যাসোসিয়েশন

আবাসিক ইন্টারনেট গ্রাহকদের (হোম ইউজার) ফি ২৫ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনভুক্ত আইএসপিগুলো তাদের বর্তমান ফি থেকে ২৫ ভাগ কমিয়ে আবাসিক গ্রাহকদের জন্য নতুন হার নির্ধারণ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 05:00 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আবাসিক ইন্টারনেট গ্রাহকদের (হোম ইউজার) ফি ২৫ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনভুক্ত আইএসপিগুলো তাদের বর্তমান ফি থেকে ২৫ ভাগ কমিয়ে আবাসিক গ্রাহকদের জন্য নতুন হার নির্ধারণ করবে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সঙ্গে অ্যাসোসিয়েশনভুক্ত ৩১টি আইএসপি'র প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সরকার সাবমেরিন কেবলের ব্যান্ডউইথ ফি কমানোর পর অ্যাসোসিয়েশন তাদের বাণিজ্যিক গ্রাহকদের ফি কমিয়েছিল। আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাণিজ্যিক গ্রাহকদের ফি আগেই কমানো হয়েছে। এখন আবাসিক গ্রাহকদের ফি-ও ২৫ ভাগ কমানো হবে। বৈঠকে উপস্থিত আইএসপিগুলো ফি কমাতে রাজি হয়েছে। অন্যদেরও কমাতে বলা হবে।" বিটিআরসি'র ভাইস-চেয়ারম্যান হাসান মাহমুদ দেলওয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিটিআরসির কমিশনার এস এম মনির আহমেদ, ডিজি মো. সাইফুল ইসলাম, আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ সালাম এবং বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/২২৪৯ঘ.