২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুমনকে হত্যার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মা

সন্ত্রাসী ভাড়া করে নিজের ছেলে রিয়াজ আহমেদ চৌধুরী সুমনকে হত্যার কথা স্বীকার করে বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মা মমতাজ বেগম। হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী মো. খলিলুর রহমানও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে সুমনের বোন ফারজানা হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী ভাড়া করে নিজের ছেলে রিয়াজ আহমেদ চৌধুরী সুমনকে হত্যার কথা স্বীকার করে বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মা মমতাজ বেগম। হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী মো. খলিলুর রহমানও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে সুমনের বোন ফারজানা হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। ৩ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার এই তিনজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করার পর মমতাজ ও খলিল মহানগর হাকিম মো. আল মামুনের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, নেশাগ্রস্ত সুমনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করার কথা স্বীকার করেছেন মমতাজ বেগম। এ নিয়ে এই মামলায় ৪ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। এর আগে হত্যাকাণ্ডে অংশ নেওয়া মো. জাকির হোসেন ও প্রসূন কান্তি পাল ওরফে রনি গত ২৫ মে আদালতের কাছে অপরাধ স্বীকার করেন। গত ১৪ মে রাতে শ্যামলীতে নিজের বাসায় নৃশংসভাবে খুন হন সুমন। পরদিন তার মা মমতাজ বেগম বাদী হয়ে এ ব্যাপারে একটি মামলা করেন। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, মমতাজ বেগম নিজেই সন্ত্রাসী ভাড়া করে ছেলেকে খুন করার ব্যবস্থা করেন। হত্যাকাণ্ডকে ডাকাতির ঘটনা সাজানোর জন্য সুমনের ল্যাপটপ ও মোবাইলফোন সন্ত্রাসীদের হাতে তুলে দেন তিনি। গত ২৪ মে মমতাজ বেগম ও ফারজানাকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/জেকে/এসকে/২২১৮ঘ.