২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃত্রিম ফুসফুসে ৫৮ বছর!

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাননি ডায়ান ওডেল। তিনি মারা গেলেন বিদ্যুৎ চলে যাওয়ায়। দীর্ঘ ৫৮ বছর ধরে বিদ্যুতচালিত কৃত্রিম যন্ত্রের মাধ্যমেই যে চলছিল তার ফুসফুস! যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের জ্যাকসন শহরের বাসিন্দা ৬১ বছরের ডায়ান ওডেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাননি ডায়ান ওডেল। তিনি মারা গেলেন বিদ্যুৎ চলে যাওয়ায়। দীর্ঘ ৫৮ বছর ধরে বিদ্যুতচালিত কৃত্রিম যন্ত্রের মাধ্যমেই যে চলছিল তার ফুসফুস! যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের জ্যাকসন শহরের বাসিন্দা ৬১ বছরের ডায়ান ওডেল। ১৯৫০ সালে মাত্র তিন বছর বয়সে বাল্বো-স্পাইনাল পোলিওতে আক্রান্ত হলে তার ফুসফুস কার্যক্ষমতা হারিয়ে ফেলে। সেই থেকে বাকি জীবন সাত ফুট লম্বা একটি বিশেষ লোহার তৈরি ফুসফুসের ভেতরই কাটাতে হয়েছে ডায়ানকে। ডায়ানের দুর্ভাগ্য, তার আক্রান্ত হওয়ার মাত্র তিন বছর পরই আবিষ্কার হয় পোলিও টিকা। যন্ত্রের ভেতর বন্দী থাকতে হতো বলে সবার সঙ্গে ইশারায় ভাব বিনিময় করতেন ডায়ান। তবে অসুস্থতা পরাভূত করতে পারেনি তাকে। এর মধ্যেই তিনি হাই স্কুলে পড়াশোনা শেষ করে কলেজেও পড়েছেন। বাচ্চাদের জন্য একটি গল্পের বইও প্রকাশিত হয়েছে। অদম্য এই বৃদ্ধা লিখতেন শব্দকে লেখায় রূপান্তরিত করে এমন একটি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। "অন্যের মঙ্গল কামনা ছাড়া কখনো খারাপ কিছু ভাবতেন না ওডেল। তার ভাবনায় ভালো বৈ মন্দ বলে কোনো শব্দ ছিল না। তিনি ছিলেন হৃদয়বান", ওয়েস্ট টেনেসি হেল্থ কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ফ্র্যাঙ্ক ম্যাকমিন ডায়ান ওডেল সম্পর্কে মন্তব্য করেন এভাবেই। স্থানীয় বিদ্যুৎ কোম্পানি দাবি করে, বিদ্যুতের তারের ওপর একটি গাছ ভেঙে পড়ায় ডায়ানের পাড়ায় আকষ্মিক বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তার পরিবারের সদস্যরা জেনারেটর চালু করার চেষ্টা করে ব্যর্থ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২২১১ঘ.