চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর (৯৮) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
তার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বৃহস্পতিবার দুপুরে চমেকের বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
মেডিক্যাল বোর্ডের সদস্য হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রক্ত দেওয়ার ফলে তিনি (বিনোদ বিহারী) আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন। তবে তিনি এখনো নিউমোনিয়া, কিডনি, হার্ট এবং বার্ধক্যজনিত রোগে ভূগছেন।
আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তার প্রকৃত অবস্থা বোঝা যাবে বলে তিনি জানান।
বুধবার সকালে রক্তশূন্যতা, শ্বাস কষ্টজনিত রোগে আক্রান্ত বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24