ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহার করে সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগে বিদ্যুৎ বিভাগ, ডেসা ও ডেসকোর সাবেক ও বর্তমান ১৬ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে কমিশনের মহা পরিচালক কর্নেল হানিফ ইকবাল (প্রশাসন) জানান, আদালতে জমা দেয়ার জন্য ওই ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারের ১০ কোটি ২০ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ আনা হচ্ছে।
এই ১৬ জন হলেন- সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন; বিদ্যুৎ বিভাগের সাবেক যুগ্মসচিব এস এম মেজবাউল ইসলাম; জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মো. আজিজুজ রহমান (সাবেক উপ সচিব, বিদ্যুৎ বিভাগ); বিদ্যুৎ বিভাগের উপসচিব আব্দুল্লাহ মাসুদ, লায়লা জেসমিন, ইসমত আরা জাহান; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব আলী হোসেন (সাবেক সহকারী সচিব, বিদ্যুৎ বিভাগ); ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহম্মেদ; বিদ্যুৎ বিভাগের সাবেক প্রশাসনিক কর্মকর্তা চঞ্চলকৃষ্ণ তালুকদার; ডেসকোর কোম্পানি সেক্রেটারি এ এইচ এম নুরুল হুদা; ডেসার সাবেক চেয়রম্যান মো. তহিদুল ইসলাম (বর্তমানে সামিট পাওয়ার লিমিটেডের এমডি); ডেসকোর সাবেক পরিচালক খান লোদী সাইফুল হক ও মোস্তাফিজুর রহমান; বিটিএমসির চেয়ারম্যান মঞ্জুর হোসেন (ডেসকো ও ডেসার সাবেক সদস্য) এবং ডেসকোর পরিচালক মঞ্জুর রহমান (কারিগর) ও কুদরত ই খোদা (অর্থ)।
হানিফ ইকবাল জানান, বিএনপির সাবেক সাংসদ এম এ এইচ সেলিম, তার স্ত্রী আমেনা বেগম, মেয়ে সাহারা সেলিম ও ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধেও অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া সাবেক সাংসদ আলমগীর হায়দার খান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ জারির অনুমোদন দিয়েছে কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জেকে/২১৩৭ ঘ.
bdnews24