নাটোর, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে স্কুলছাত্রী শারমিন সুলতানা শিখাকে স্কুল মাঠে প্রকাশ্যে হত্যার দায়ে সুজন সর্দার (২০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহষ্পতিবার নাটোরের দায়রা জজ আব্দুস সামাদ এ রায় দেন।
এ সময় দণ্ডিত সুজন আদালতে উপস্থিত ছিলেন। তার বাবা ইয়াদ আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। মামলার শুরু থেকে ইয়াদ আলী পলাতক রয়েছেন।
গত বছর ১৯ ফেব্রূয়ারি সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের আব্দুল ছালাম মোল্লার একমাত্র মেয়ে দশম শ্রেণীর ছাত্রী শিখা স্থানীয় স্কুলে প্রাইভেট পড়তে যায়। এ সময় একই উপজেলার খাকড়াদহ গ্রামের ইয়াদ আলীর ছেলে সুজন সর্দার (২০) তার কাছে প্রেম প্রস্তাব করে।
শিখা এ প্রস্তাব প্রত্যাখান করলে সুজন তখনই ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করে। শিক্ষক ও সহপাঠিরা ঘটনাস্থলেই ঘাতককে আটক করে পুলিশে দেয়।
পরে সুজন ঘটনার দায় স্বীকার করে ম্যাজিষ্ট্রেটের কাছে জবানবন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা রওশন আলী সুজন ও তার বাবা ইয়াদ আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন। আদালত ২৩ জনের সাক্ষ্য নিয়ে এ রায় দেন।
রায় ঘোষণার সময় নিহতের আত্মীয়স্বজন, বিপুল সংখ্যক সহপাঠি ও শিক্ষকরা আদালতে ভিড় করেন।
রায়ে দায়রা জজ উল্লেখ করেন, ঘটনাটি নৃশংস ও ভয়ঙ্কর। আসামি সুজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া উচিত হলেও বয়স অল্প হওয়ায় তাকে লঘু দণ্ড দেওয়া হয়েছে।
রায়ের প্রতিক্রিয়ায় নিহত শিখার বাবা আব্দুস ছালাম মোল্লা বলেন, "আমি আসামির মৃত্যুদণ্ড আশা করেছিলেন। কারণ সুজন আমার মেয়েকে হত্যার ৬ মাস আগে থেকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন ঠান্ডা মাথায় আমার মেয়েকে হত্যা করা হয়েছে।"
তবে পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল কাদের মামলার রায় যথার্থ বলে মনে করেন।
তিনি বলেন, "আসামির বয়স কম হওয়ায় আইন অনুযায়ী আদালত তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.
bdnews24