ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিডি উদ্ধার করেছে র্যাব।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি দল বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব সদর দপ্তরের কর্মকর্তা ক্যাপ্টেন আশেক ইবনে আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বাংলাবাজারের এসআর প্রিন্টিং নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিভিন্ন বাংলা সিনেমার নকল সিডি, লেবেল ও ছাপার উপকরণ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, "অভিযানের বিষয়টি টের পেয়ে মালিক আগেই পালিয়ে যায়।"
সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান র্যাব কর্মকর্তা আশেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এএল/এসকে/২০৪৩ঘ.
bdnews24