২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণচূড়াকে জাতীয় বৃক্ষ করার প্রস্তাব

কৃষ্ণচূড়াকে জাতীয় বৃক্ষ ঘোষণার প্রস্তাব করেছে বাংলাদেশ নজরুল সেনা ও নেত্রকোনা সাহিত্য সমাজ। সংগঠন দুটি মনে করে জাতীয় পরিচয় তুলে ধরতে পশু, পাখি, ফল, ফুল ইত্যাদি থাকার পাশাপাশি বৃক্ষও থাকা উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 09:58 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

নেত্রকোনা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষ্ণচূড়াকে জাতীয় বৃক্ষ ঘোষণার প্রস্তাব করেছে বাংলাদেশ নজরুল সেনা ও নেত্রকোনা সাহিত্য সমাজ। সংগঠন দুটি মনে করে জাতীয় পরিচয় তুলে ধরতে পশু, পাখি, ফল, ফুল ইত্যাদি থাকার পাশাপাশি বৃক্ষও থাকা উচিত। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে সংগঠন দুটি কৃষ্ণচূড়াকে জাতীয় বৃক্ষ করার প্রস্তাব দেয় এবং এ প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে। সংবাদ সম্মেলনে বলা হয়, পরিবেশ বিপর্যয়ের কারণে বাংলাদেশকে এখন আর সুজলা, সুফলা ও শস্য শ্যামলা বলা যায় না। একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে সুনামি, জলোচ্ছ্বাস, ঝড়, ভুমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারাচ্ছে অগণিত মানুষ প্রাণ। ধ্বংস হচ্ছে শহর, নগর, বন্দর প্রভৃতি। পরিবেশ বিপর্যয় রোধে বনভূমি রক্ষার পাশাপাশি বনায়নের ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ দেখা যায় না। বিশ্বের বিভিন্ন দেশে অন্য অনেক খাতে প্রচুর অর্থ ব্যয় করা হলেও পরিবেশের সুরক্ষায় বনভূমি বাড়াতে উল্লেখ করার মত বরাদ্দ নেই। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বনভূমি বাড়ানোর জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। কোন ব্যক্তির নিজের সদিচ্ছা থাকাই যথেষ্ট। কৃষ্ণচূড়াকে পরিবেশবান্ধব উল্লেখ সংবাদ সম্মেলনে বলা হয়, এ বৃক্ষের সঙ্গে এই জাতি ও রাষ্ট্রের সুদীর্ঘকালের সম্পর্ক। সবাই যদি নিজেদের উদ্যোগে একটি করে কৃষ্ণচূড়া রোপন করেন তাহলে পরিবেশের সুরক্ষার পাশাশি সৌন্দর্য্য বর্ধনের কাজও হয়। জাতি কিংবা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য যে প্রতীকগুলোকে উপস্থাপন করা হয়, তা নিশ্চিতভাবেই ওই জাতি ও রাষ্ট্রের ঐতিহ্য, কৃষ্টি, ভৌগলিক অবস্থা এবং নিজস্ব অনুভব-অনুভূতিকে ধারণ করেই নির্ধারণ করা হয়। ওই প্রতীকগুলো কালক্রমে জাতি বা রাষ্ট্রের নামের প্রায় সমার্থক হয়ে ওঠে। যেমন- নাম না বললেও বাংলাদেশের লাল-সবুজের পতাকা দেখে অনেক মানুষই বাংলাদেশকে সনাক্ত করতে সক্ষম হবেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন নজরুল সেনার সম্পাদক নূরে আলম চৌধুরী, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক কামরুজ্জামান চৌধুরী। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নজরুল সেনার নেতা কামাল আহমেদসহ দুই সংগঠনের নেতাকর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এমএসবি/১৫৫২ ঘ.