২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির আরো এক মামলার অভিযোগের প্রমাণ মেলেনি

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে 'জনসংখ্যা জরিপের নামে আর্থিক দুর্নীতি'র অভিযোগের সত্যতা পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে বুধবার একটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে 'জনসংখ্যা জরিপের নামে আর্থিক দুর্নীতি'র অভিযোগের সত্যতা পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে বুধবার একটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুর্নীতির মোট তিন মামলা থেকে অব্যাহতি পেলেন মহিউদ্দিন চৌধুরী। দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বুধবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে 'জনসংখ্যা জরিপের নামে আর্থিক দুর্নীতি' সংক্রান্ত মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেন। গত বছরের ২৮ জুন মহিউদ্দিন চৌধুরীসহ পাঁচ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলাটি করেছিলেন দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আবু মো. আরেফ সিদ্দিকী। এতে আসামিদের বিরুদ্ধে নগরীর ৪১টি ওয়ার্ডে জনসংখ্যা জরিপের মাধ্যমে সরকারের প্রায় ৪১ লাখ টাকা ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়। মামলার অন্য চার আসামি হলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক সচিব ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ এফ এম সোলায়মান চৌধুরী, সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহাব, নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মাহামুদুল ইসলাম ও সদস্য সচিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। দুদকের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ পাঁচ আসামির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন।" মেয়র মহিউদ্দিন এর আগে 'মুক্তিযুদ্ধে চট্টগ্রাম' শীর্ষক প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণে দুর্নীতি এবং সিটি করপোরেশনের ট্রাক ও একটি গ্রেডার কেনায় দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি পান। এছাড়া, বিজয় টিভির অর্থ অপচয় মামলায় মেয়রের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলেও উচ্চ আদালতের আদেশে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। এর বাইরেও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। সিটি মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে গত বছরের ৭ মার্চ রাতে গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এসএনডি/২১৩৩ ঘ.