ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে সবার সমন্বিত প্রচেষ্টা এবং সরকারের সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেছেন নারী নেত্রীরা। মাতৃমৃত্যুর বর্তমান হারকে তারা আশঙ্কাজনক বলে আখ্যায়িত করেছেন।
বুধবার সিরডাপ মিলনায়তনে বিশ্ব নারী স্বাস্থ্য দিবস উপলক্ষে 'গ্রহণযোগ্য মাত্রায় মাতৃমৃত্যুর হার নামিয়ে আনা-বাস্তব অবস্থা, প্রাপ্তি ও প্রত্যাশা' শীর্ষক আলোচনা সভায় তারা এ অভিমত দেন।
সভায় বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম
বলেন," বাংলাদেশে মাতৃমৃত্যুর হার এখনও আশঙ্কাজনক, উদ্বেগজনক। প্রজনন স্বাস্থ্য ক্ষেত্রে নারীরা এখনও ঝুঁিকর মুখে রয়েছে। "
তিনি বলেন, এ সমস্যা কাটিয়ে উঠতে সবার সমন্বিত প্রচেষ্টা এবং সরকারের পক্ষ থেকে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
মহিলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ উপ-পরিষদ সম্পাদিকা ডা. লায়লা আরজুমান বানু বলেন, মাতৃমৃত্যুর হার ২০ বছর আগের প্রতি হাজারে পাঁচ থেকে তিন দশমিক পাঁচ এ নেমে এলেও তা আশাব্যঞ্জক নয়। এই হার কিছুতেই গ্রহণযোগ্য নয়। ২০১৫ সালের মধ্যে এটা এক দশমিক ৪৩ এ নামিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, গর্ভকালীন সময়ে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সচেতনতার অভাব এবং মায়ের প্রতি সমাজ ও পরিবার যথাযথ দায়িত্ব পালন না করায় মাতৃস্বাস্থ্য সমাজে একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যার ফলে নারী হয়ে উঠে আজীবনের জন্য একজন ভগ্ন স্বাস্থ্যের মানুষ।
সতর্ক করে দিয়ে লায়লা আরজুমান বলেন, নারীর স্বাস্থ্যের দিকটির প্রতি গুরুত্ব না দিলে ভবিষ্যত প্রজন্ম সুস্বাস্থ্য নিয়ে জন্মাবে না।
সভায় মহিলা পরিষদের পক্ষ থেকে আসন্ন বাজেটে মাতৃত্বকালীন ভাতার পাশাপাশি স্থানীয় সরকারে মাতৃস্বাস্থ্যের বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
আয়শা খানমের সভাপতিত্বে মহিলা পরিষদ আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল ফায়েজ, মহিলাদের পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক ডা. সাইবা আখতার প্রমূখ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসকে/২১২৩ঘ.
bdnews24