ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান এলাকায় দুটি বাজারে ভেজালবিরোধী অভিযান চালিয়ে বুধবার বিভিন্ন ব্যবসায়ীকে তিন লাখ টাকার বেশি জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বারিধারায় এ অভিযান চলে।
আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১০টার দিকে বারিধারা নতুন বাজারের পাউরুটি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য এর মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।"
একইসঙ্গে কারখানাটির পাশে অবস্থিত 'ভাই ভাই কনফেকশনারি'তে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ খাবার থাকায় তাদের দুলাখ টাকা জরিমানা করা হয় বলে ম্যাজিস্ট্রেট আনোয়ার জানান।
তবে ওই কনফেকশনারির মালিক আব্দুল রাজ্জাক ও আব্দুল কুদ্দুস টাকা দিতে না পারায় তাদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এরপর ভাম্যমাণ আদালত বারিধারার নর্দ্দা কাঁচাবাজারে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার অভিযোগে কয়েকজন ছোট ছোট কাঁচামাল ব্যবসায়ীকে বিভিন্ন অংকের টাকার জরিমানা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এমআই/১৬৫১ ঘ.
bdnews24