২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতিকে চুরি দেখানো, ধানমন্ডি থানার ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেনকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 06:19 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেনকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি ডাকাতির ঘটনাকে চুরির মামলা হিসেবে নথিভূক্ত করার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। একই ঘটনায় উপ-পরিদর্শক মাসুদ করিম এবং উপ-পরিদর্শক রফিকুল ইসলামকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপ-কমিশনার (ডিসি) আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে তার কাছে এ সংক্রান্ত কাগজ পাঠানো হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, গত ২২ মে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি ডাকাতির ঘটনাকে ধানমন্ডি থানা পুলিশ 'চুরি' হিসেবে নথিভূক্ত করে। পরে অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তদন্ত করে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠায়। ওই প্রতিবেদনের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মনোয়ার হোসেনের বিরুদ্ধে মঙ্গলবার এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মনোয়ার হোসেন কোন জবাব না দিয়ে ফোন রেখে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/