ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপের কারণে সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া অফিসের দায়িত্বরত আবহাওয়াবিদ আয়শা খাতুন মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"এ লঘুচাপের প্রভাবে আগামী দুই একদিন সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া মঙ্গলবার দুপুরে আকাশ পরিস্কার হলেও বিকেলের দিকে আবারও মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।"
আবহাওয়া অফিসের আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।
এছাড়া চট্ট্রগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে তিন নং স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বলেও আবহাওয়াবিদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১১০০ ঘ.
bdnews24