লক্ষ্মীপুর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার চিলাদি গ্রামের শিশু মারজাহানকে (৫) হত্যার দায়ে তার বাবা আব্দুর রবকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ মুহম্মদ মুজিবুল কামাল এ রায় দেন। এ সময় আসামি আব্দুর রব আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, আব্দুর রব জমিজমা নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ২০০২ সালের ৫ ডিসেম্বর নিজের মেয়ে মারজাহানকে কুপিয়ে হত্যা করেন। এরপর এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করেন তিনি।
তদন্ত শেষে সদর থানার উপপরিদর্শক নেয়ামতুল করিম আব্দুর রবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল উদ্দিন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহাম্মদুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৫০ ঘ.
bdnews24