ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত ১০ হাজার ভূমিহীন পরিবারের জন্য এক হাজার ব্যারাক নির্মাণ করবে সরকার। এছাড়া ঘূর্ণিবিধ্বস্ত ১৩ জেলায় ৩৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হবে। এ সব বিদ্যালয় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হিসাবেও ব্যবহার করা যাবে।
সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ দুটি পুনর্বাসন প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
ঘূর্ণিবিধ্বস্ত এলাকার দুটি পুনর্বাসন প্রকল্পের মধ্যে দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-২) আওতায় ৩৯৮টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৪৯৩ কোটি টাকা। আর ১০ হাজার ভূমিহীন পরিবারের জন্য গৃহনির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০২ কোটি টাকা।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "বৈঠকে প্রধান উপদেষ্টা সময়মতো প্রকল্পের কাজ শেষ করার জন্য তাগিদ দিয়েছেন। প্রকল্প অনুমোদনের সময় যে সময় বেঁধে দেয়া হবে, তার মধ্যেই কাজ শেষ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন তিনি।"
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের বর্তমান গতিতে প্রধান উপদেষ্টা সন্তুষ্ট কি না জানতে চাইলে সচিব বলেন, "চলতি অর্থ বছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) সংশোধিত এডিপির ৫৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে। প্রধান উপদেষ্টা এতে সন্তুষ্ট নন। অর্থ বছরের বাকি দুই মাসে এডিপি বাস্তবায়নের গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।"
জাফর আহমেদ জানান, আগামী অর্থ বছরের বাজেটের জন্য ২৫ হাজার ৫০০ কোটি টাকার এডিপি চূড়ান্ত করা হয়েছে। ৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এ এডিপি অনুমোদন দেয়া হবে। আর ৯ জুন অর্থ উপদেষ্টা নতুন বাজেট ঘোষণা করবেন।
তিনি জানান, দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বাগেরহাট জেলায় ৪০টি, খুলনায় ২টি, গোপালগঞ্জে ৬টি, সাতক্ষীরায় ৫টি, মাদারীপুরে ২৪টি, শরিয়তপুরে ৩১টি, চাঁদপুরে ১২টি, বরগুনায় ৬৭টি, বরিশালে ৭৭টি, পটুয়াখালীতে ৭০টি, পিরোজপুরে ৫৪টি ও ভোলা জেলায় ১০টি বিদ্যালয়-কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে।
এছাড়া ভূমিহীন পরিবারের জন্য গৃহনির্মাণ প্রকল্পের আওতায় বরগুনা জেলায় ২ হাজার ২১০টি পরিবারের জন্য ২২১টি ব্যারাক, বাগেরহাটে ১ হাজার ৭৪০ পরিবারের জন্য ১৭৪টি, পটুয়াখালীতে ২ হাজার ১৪০ পরিবারের জন্য ২১৪টি, পিরোজপুরে ৭৮০ পরিবারের জন্য ৭৮টি, বরিশালে ১১০ পরিবারের জন্য ১১টি, ভোলায় ২ হাজার ৪১০ পরিবারের জন্য ২৪১টি, ঝালকাঠিতে ২৭০ পরিবারের জন্য ২৭টি এবং সাতক্ষীরায় ৩৪০ পরিবারের জন্য ৩৪টি ব্যারাক নির্মাণ করা হবে।
প্রতিটি ব্যারাকে ১০টি করে পরিবার বসবাস করবে। সম্পূর্ণ সরকারি অর্থে এই প্রকল্প বাস্তবায়িত হবে।
অনুমোদিত বাকি ১১টি প্রকল্প হচ্ছে- বিআরটিসি'র জন্য সিএনজি চালিত ১০০ বাস সংগ্রহের ৭৭ কোটি টাকার প্রকল্প, তারাকান্দি থেকে যমুনা সেতু পর্যন্ত রেল লাইন নির্মাণে (২য় সংশোধিত) ২১৬ কোটি টাকার প্রকল্প, ৯০ কোটি টাকায় পুলিশ বিভাগের জন্য ৫০টি থানা ভবন নির্মাণ প্রকল্প, ডাক বিভাগে অটোমেশন প্রদ্ধতি চালুর জন্য ৩২ কোটি টাকার প্রকল্প, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স
bdnews24