বাগেরহাট, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ১৪ বছর বিনাবিচারে বাগেরহাট কারাগারে আটক থাকার পর মো. মোসলেম বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তি শেষ পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে জামিন পেয়েছেন।
সোমবার এ সংক্রান্ত আদেশ বাগেরহাট কারাগারে এসে পৌঁছালে কারা কর্তৃপক্ষ বিকালে তাকে মুক্তি দেয়।
মোসলেম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের শাখারীকাঠি গ্রামের মৃত ইসহাক বিশ্বাসের ছেলে। আটক হওয়ার আগে তিনি খুলনার দৌলতপুরে বাঁশের ব্যবসা করতেন। সেখানে তার স্ত্রী রাশেদা বেগম এবং ছেলে মহসীন বাস করেন।
বাগেরহাট জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, জেলা প্রশাসক মো. সহিদুল ইসলাম ও বাগেরহাট কারা কর্তৃপক্ষের প্রায় নয় মাসের আন্তরিক প্রচেষ্টায় মোসলেম বিশ্বাসের জামিন নিশ্চিত করা সম্ভব হয়েছে।
তবে বাগেরহাট কারাগারে এতগুলো বছর কেন মোসলেমকে আটক থাকতে হল- জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
মোসলেম বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তার কয়েকজন আত্মীয় তখনকার স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল শরীফের সহায়তায় উদ্দেশ্যমূলকভাবে তাকে ধরে পুলিশে সোপর্দ করে এবং দুটি মিথ্যা মামলায় জড়িয়ে দেয়।"
তিনি দাবি করেন, অর্থ ও লোকবলের অভাবে এতদিন উচ্চ আদালতের শরণাপন্ন হতে না পারায় তাকে বিনাবিচারে আটক থাকতে হয়।
বাগেরহাট কারাগার, মামলা সূত্র এবং মুক্তিপ্রাপ্ত মোসলেমেরে সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৪ সালের ১১ আগস্ট মঠবাড়িয়া থানা পুলিশ তাকে একটি মামলায় আরও কয়েকজনের সঙ্গে আটক করে। পরদিন বাগেরহাটের শরণখোলা থানার আরেকটি অস্ত্র মামলা ও বিশেষ ক্ষমতা আইনে তাকে অপর পাঁচ ব্যক্তির সঙ্গে আটক দেখানো হয়।
দীর্ঘ চৌদ্দ বছরের কারা জীবনে ১৯৯৯ সালের ৮ আগস্ট মোসলেমকে মাত্র একবার অস্ত্র মামলার ওই পাঁচ আসামির সঙ্গে বাগেরহাট আদালতে নেওয়া হয়। ২০০২ সালের ২৩ জুন উচ্চ আদালত মামলাটি স্থগিত করে এবং ওই পাঁচ আসামি জামিন পান। কিন্তু মোসলেম কারাগারেই আটক থেকে যান। এর অনেক আগে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মামলায় আদালত তাকে বেকসুর খালাস দেয়।
গত ৫ মে বিচারপতি শিকদার মকবুল হক এবং বিচারপতি মো. ফজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মোসলেম বিশ্বাসের জামিন আবেদন মঞ্জুর করেন। মোসলেমের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট বেল্লাল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২০০৪ ঘ.
bdnews24