২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান দুুই দিনের সফরে ঢাকায়

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে সোমবার সকালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান অ্যান্টনিও গিটারেস দু'দিনের সফরে ঢাকা এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 11:32 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে সোমবার সকালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান অ্যান্টনিও গিটারেস দু'দিনের সফরে ঢাকা এসেছেন। ইউএনএইচসিআর এর ঢাকার কর্মকর্তা নিরূপমা নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। রোববার ইউএনএইচসিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে বসবাসরত প্রায় ২৭ হাজার রোহিঙ্গা শরণার্থীদের সমস্যার সমাধানে গিটারেস সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। বিবৃতিতে বলা হয়, ইউএনএইচসিআর প্রধান তার সফরের সময়ে শরণার্থীদের সঙ্গেও কথা বলবেন। রাজনৈতিক কারণে দেশত্যাগী রোহিঙ্গারা গত ১৬ বছর ধরে কক্সবাজারে শরণার্থী শিবিরে বাস করছে। এর ফলে বাংলাদেশ সরকারকে প্রায়ই আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যায় পড়তে হচ্ছে। রোহিঙ্গা শরণার্থীদের জাতিসংঘ সহযোগিতা দেওয়ায় বাংলাদেশ তাদের মিয়ানমারে ফেরত পাঠাতেও পারছে না। তারা নিজেরা স্বেচ্ছায় দেশে ফিরে গেলেই তা সম্ভব। ১৯৯০ দশকের শুরুতে মিয়ানমারের সামরিক সরকার দেশটির মুসলিম অধ্যুষিত আরাকান রাজ্য থেকে রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। ইউএনএইচসিআর ও সরকার ১৯৯২ সালে ২ লাখ ৫৮ হাজার শরণার্থীকে নিবন্ধন করেছে। মুসলিম রোহিঙ্গা ছাড়াও মিয়ানমারের শতাধিক বৌদ্ধও শরণার্থী হিসাবে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বৌদ্ধদের বেশিরভাগ ঢাকায় বাস করেন। ইউএনএইচসিআর এর সহযোগিতায় অনেককে মিয়ানমারে ফেরত পাঠানোর পরও বর্তমানে প্রায় ২৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশের ক্যাম্পে বাস করছে। কিন্তু নিবন্ধন ছাড়া প্রায় ১০ হাজার রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের সংরক্ষিত বনে পানির সংযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ছাড়াই বাস করছে। অনিবন্ধিত রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়ার ইউএনএইচসিআর এর অনুরোধ বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/এমআই/১৬২৬ ঘ.