ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা ট্রেন চালুর বৈধতা নিয়ে এক আইনজীবীর দায়ের করা রিট আবেদনের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে।
রোববার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. এমদাদুল হককে নিয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রিটটির ওপর শুনানি গ্রহণ করেন। প্রথম দিনের শুনানি শেষে আদালত আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
ঢাকা-কলকাতা ট্রেন চালুর চুক্তি করে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান লঙ্ঘন করেছে অভিযোগ করে গত ২০ এপ্রিল ঢাকা জেলা জজ আদালতের আইনজীবী চোকদার মো. আবদুস সাত্তার রিট আবেদনটি দায়ের করেন।
রোববার রিটের শুনানিতে অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী বলেন, ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিস চুক্তিটি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের মধ্যে পড়ে। সংবিধানের ৫৮ (ঘ), ১৪৫ (ক) ও ১৪৮ (২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার এ ধরনের নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না।
গত ১০ এপ্রিল বাংলাদেশ ও ভারতের মধ্যে ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিস চুক্তি সম্পাদিত হয়। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন যোগাযোগ সচিব ড. মোহাম্মদ মাহবুবুর রহমান ও ভারতের পক্ষে স্বাক্ষর করেন ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। এরপর গত ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঢাকা-কলকাতা ট্রেন চলাচল শুরু হয়।
অ্যাডভোকেট আবদুস সাত্তার তার রিট আবেদনে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, যোগাযোগ সচিব, মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, রেলওয়ের মহাপরিচালক ও মহাব্যবস্থাপককে প্রতিপক্ষ করেছেন।
রিটে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার সংবিধান লঙ্ঘন করে ট্রেন চালুর চুক্তিটি করেছে। এর মাধ্যমে রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি ও স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপদের মুখোমুখি করা হয়েছে।
রিটে ওই চুক্তি অবৈধ ও বাতিল ঘোষণারও দাবি জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৪৪০ ঘ.
bdnews24