চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের উন্নয়নের পথে দুর্নীতি ও সন্ত্রাসবাদকে অন্তরায় হিসাবে দেখছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে বাংলাদেশে নির্বাচন হবে আশা প্রকাশ করে তিনি বলেছেন, এক্ষেত্রে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সংলাপে বড় দুই দলকে আনার বিষয়ে রাষ্ট্রদূতের মত- এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রোববার চট্টগ্রাম বন্দরে মার্কিন খাদ্য সহায়তা হিসেবে আসা ৪৬ হাজার মেট্রিক টন গম খালাস এবং নগরীর আমবাগান বস্তি এলাকায় ইউএসএআইডি'র অর্থায়নে পরিচালিত সৌহার্দ্য প্রকল্পের কাজ পরিদর্শন করেন। ওই সময় বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।
চট্টগ্রাম বন্দরে 'লিবার্টি ঈগল' নামে যুক্তরাষ্ট্রের একটি জাহাজ থেকে সিডর দুর্গতদের জন্য আসা গম খালাসের কার্যক্রম পরিদর্শন শেষে জেমস মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের বর্তমান সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে আমরা মনে করছি। আশা করছি, ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে।"
নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের কথাও বলেন তিনি।
দুর্নীতি ও সন্ত্রাসবাদ বাংলাদেশের বড় সমস্যা অভিহিত করে যুক্তরাষ্ট্রের দূত বলেন, "সঙ্কট নিরসনে বাংলাদেশকে সব সময় সহযোগিতা করে যাবে যুক্তরাষ্ট্র।"
সংলাপে বড় দুই দলের উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দূতাবাস কোনও উদ্যোগ নেবে কি না- সাংবাদিকদের এ প্রশ্নে তার কূটনৈতিক উত্তর, "এটি সংশ্লিষ্টদের অভ্যন্তরীণ বিষয়।"
সা
bdnews24