ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া কারাগারে আত্মজীবনী লিখছেন বলে জানিয়েছেন তার ছোট ছেলে নন্দিত নাহিয়ান ভূঁইয়া (সজল)।
শুক্রবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাবার সঙ্গে দেখা করার পর সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন মান্নান ভূঁইয়ার আইনজীবী গোলাম মোস্তফা খান ও ইকবাল হোসেন খান।
সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবা সুস্থ আছেন। তিনি বই ও পত্রিকা পড়ে সময় কাটাচ্ছেন। এছাড়া আত্মজীবনী লেখায় হাতে দিয়েছেন তিনি।"
গ্যাটকো দুর্নীতি মামলার পরোয়ানাভুক্ত আসামি মান্নান ভুঁইয়া গত রোববার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। এ মামলার আরেক আসামি জামায়াত আমির মতিউর রহমান নিজামীকেও রোববার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
তারা দুজন কারাগারে একই কক্ষে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জেকে/এমএইচবি/২০২৭ ঘ.
bdnews24