ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগ এলাকার শায়েস্তা খান কমিউনিটি সেন্টারে র্যাব-১০ ক্যাম্পে বৃহস্পতিবার হাবিবুল্লাহ (৯) নামে এক মেসকর্মীর মৃত্যু হয়েছে।
পুলিশ বলছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে লালবাগ থানায় একটি মামলা হয়েছে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মেসের বাবুর্চি ফরিদ মিয়াকে (২৫) বৃহস্পতিবারই গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।
র্যাব-১০ এর ক্যাপ্টেন ফ্লাইট লে. মোস্তফা হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বলেন, "হাবিবুল্লাহ আমাদের মেসের বয়। বৃহস্পতিবার দুপুরের পর মেসে কেউ ছিল না। বিকেলের দিকে তাকে মেসের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়।"
তিনি বলেন, মেসের বাবুর্চি ফরিদ মিয়া এ ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে লালবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেলে র্যাবের পক্ষ থেকে এ ঘটনার তদন্ত করা হবে বলে তিনি জানান।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও লালবাগ থানার উপ-পরিদর্শক সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র্যাব আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পরে রাত দেড়টার দিকে হাবিবুল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, "এ ঘটনায় মেসের লোকজন জড়িত থাকতে পারে। সন্দেহ হওয়ায় বাবুর্চি ফরিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।"
এদিকে শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লোকমান আহমেদের উপস্থিতিতে হাবিবুল্লাহর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, হাবিবুল্লাহর কপাল ও ঠোঁটে জখম, গলার চারদিকে কালো দাগ, হাত ও পায়ে পোড়া ক্ষতের চিহ্ন রয়েছে।
হাবিবুল্লাহর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মহিন্দায়। তার বাবার নাম আবদুল মোতলেব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/এমএ/১৯০০ ঘ.
bdnews24