গাজিপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব রাজনৈতিক দলের অংশগ্রহণেই নির্বাচন গ্রহণযোগ্যতা পেতে পারে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তবে এক্ষেত্রে দলগুলোকে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের ওপরই দিচ্ছেন তিনি। সিইসি আবারও জানিয়েছেন, সংসদ নির্বাচনের আগেই উপজেলা নির্বাচন হবে।
এটিএম শামসুল হুদা বুধবার গাজিপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
ভোটার তালিকার কাজ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, "সকলের অংশগ্রহণেই কেবল গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।"
খালেদা জিয়া ও শেখ হাসিনাকে মুক্তি দেওয়া না হলে বড় দুটি দল নির্বাচন বর্জন করতে পারে, সে ক্ষেত্রে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না- সাংবাদিকরা প্রশ্ন করলে সিইসি বলেন, "রাজনৈতিক দলগুলোকে সামাল দিতে হবে সরকারকেই।"
"এত সব করার পরও যদি গ্রহণযোগ্য নির্বাচন না হয় তবে সেটা জাতির জন্য হবে দুর্ভাগ্যজনক", মন্তব্য করেন তিনি।
সংলাপের জন্য বিএনপির চিঠি নির্বাচন কমিশন (ইসি) মহাসচিব হিসাবে হাফিজউদ্দিন আহমেদকে দিলেও সরকার দিয়েছে খোন্দকার দেলোয়ারকে; এটা পরস্পরবিরোধী কি না- সাংবাদিকরা জানতে চাইলে শামসুল হুদা বলেন, "সরকার আর নির্বাচন কমিশন আলাদা প্রতিষ্ঠান। যার কাছে যেটা যৌক্তিক মনে হয়েছে সে সেটাই করেছে।"
এর আগে ভোটার তালিকার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে হাজি জমিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি শামসুল হুদা বলেন, "যে যাই বলুক, জাতীয় সংসদ নির্বাচনের আগেই উপজেলা পরিষদ নির্বাচন হবে।"
তিনি বলেন, "নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপেও স্থানীয় সরকার নির্বাচন আগে করার কথা রয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সময়ও এ নিয়ে তেমন আপত্তি আসেনি।"
স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের পথে অন্তরায় হবে না বলেও মন্তব্য করেন সিইসি।
তিনি বলেন, "গাজিপুরের শ্রীপুর পৌরসভা এলাকায় পাইলট প্রকল্পের মাধ্যমে ভোটার তালিকার যে কর্মযজ্ঞ শুরু হয়, শিগগিরই তার সফল সমাপ্তি ঘটতে যাচ্ছে। ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র দেশ ও জনগণের সম্পদ হয়ে থাকবে। এখন জনগণ সৎ ও যোগ্য লোককে নেতা নির্বাচন করলে আমাদের কষ্ট সার্থক হবে।"
সিইসি জানান, দেশের ৭ কোটি ভোটারের নিবন্ধনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে আপত্তি এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনান আশ্বাস দেন তিনি।
সিইসি বলেন, "১৩৪টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারন করা হয়েছে। এর মধ্যে মাত্র পাঁচটি আসনের ব্যাপারে আপত্তি ওঠেছে। আপত্তিগুলো নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এ ব্যাপারে আমরা উদার।"
শামসুল হুদা জানান, আগামী জুলাইয়ের তৃতীয় সপ্তাহে চারটি সিটি কর্পোরেশন এবং নয়টি পৌরসভার নির্বাচন হবে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০০৯ সালের আগে করা সম্ভব নয় বলে জানান তিনি।
ভোটার তালিকার কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন গাজিপুরের জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান।
সিইসি পরে ভাওয়াল মির্জাপুরের গাছবাড়িয়া মাদ্রাসা ভোটার নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩১ ঘ.
bdnews24