ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া, চট্টগ্রাম ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: শেরপুর উপজেলার গাড়িদহ কাঞ্চনপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে মঙ্গলবার রাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রংপুরের পীরগঞ্জের মজিদপুর গ্রামের ওহেদুলের ছেলে পলাশ (২৮), গাইবান্ধার পলাশবাড়ীর বড় গোবিন্দপুর গ্রামের তমিজউদ্দীনের ছেলে আলী রেজা (৩৯), সুন্দরগঞ্জ উপজেলার সেকেন্দারের ছেলে রেজাউল করিম বুলু (৪০), সাদুল্লাপুর উপজেলার হেলালের ছেলে সুজন (৮), গাইবান্ধা সদরের বিষ্ণুপুরের গ্রামের আব্দুর রশিদের স্ত্রী সেফালী (৪৫), মামরুজপুর গ্রামের জুলা শেখের ছেলে বাদশা (৩৮)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ২টার দিকে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক এবং ঢাকা থেকে গাইবান্ধাগামী মুক্তিযোদ্ধা কল্যাণ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন মহিলাসহ আটজন মারা যান। আহতদের কয়েকজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এক শিশুসহ আরও তিনজন মারা যান। নিহতদের মধ্যে সাতজন হলেন বাসযাত্রী।
জিয়াউর রহমান মেডিকেল কলেজে আরও ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন। আহত ২৫ জনকে ভর্তি করা হয়েছে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
ওসি আরও জানান, দুর্ঘটনার সময় বাসটি সাইদুল নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লে বাড়িটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর মধ্যরাতেই ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার কাজ শুরু করে।
এদিকে, লাশ সনাক্ত করতে বগুড়ার শিবগঞ্জ থানাসহ গাইবান্ধা ও রংপুরের সকল থানায় তারবার্তা পাঠানো হয়েছে। তাতে জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি সাধারণের মধ্যে প্রচার করতে বলা হয়েছে।
চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া এলাকায় মঙ্গলবার দুপুরে যাত্রিবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। হতাহত সবাই অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- পিএইচপি গ্লাস কোম্পানির প্রকৌশলী আসাদুল ইসলাম (২৮), বাড়বকুণ্ড এলাকার বাসিন্দা মো. নাসির (২৬), মো. মাঈনুদ্দিন (২৫) এবং অটোরিকশা চালক নুরুল আমীন (৪৫)।
আহত বিজয়কে (২৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া এলাকায় রয়েল সিমেন্ট কারখানার সামনে বেলা পৌনে তিনটার দিকে সীতাকুণ্ডগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে চট্টগ্রামগামী একটি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা যাত্রী আসাদুল, মো. নাসির ও চালক নুরুল আমীন। চমেক হাসপাতালে নেওয়ার পর মারা যান মাঈনুদ্দিন। বিজয় চিকিৎসাধীন আছেন।
পুলিশ কর্মকর্তা আবদুল মালেক আরও জানান, ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। বাসটি ফেনী থেকে চট্টগ্রাম আসছিল। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে তিনি জানান।
গাইবান্ধা: পলাশবাড়ি উপজেলার মাঝিপাড়া এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে একটি যাত্রীবাহী বাস রিকশা ভ্যান চাপা দিলে মা ও ছেলে নিহত হয়।
নিহতরা হলেন- উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামের ফজলু মিয়ার স্ত্রী কমলা বেগম (৩২) ও তার শিশুপুত্র শাহাবুল মিয়া (৮)।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিলচন্দ্র মণ্ডল জানান, দুপুর সোয়া ১টায় বগুড়া থেকে গাইবান্ধাগামী তৌফিক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস মাঝিপাড়া এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়।
এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাহাবুল এবং হাসপাতালে নেওয়ার পথে কমলা বেগম মারা যান। মা ও ছেলে রিকসা-ভ্যানযোগে গাইবান্ধা শহর থেকে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় ভ্যানচালক আহত হয়েছেন। তার নাম জানা যায়নি।
এ ব্যাপারে পলাশবাড়ি থানায় মামলা হয়েছে বলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কিউএইচ/ডিডি/এমএইচবি/২৩৫৯ ঘ.
bdnews24