ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদে নুরুল ইসলাম সুজনের কাজ করার ক্ষেত্রে নিু আদালতের নিষেধাজ্ঞার ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর আবেদনের শুনানি হবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো, আবদুল মতিন মঙ্গলবার দুপুরে পরাজিত প্রার্থী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ শেষে এ আদেশ দেন। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বুধবার ওই শুনানি হবে।
হাইকোর্ট গত ১৮ মে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বিষয়ে নিু আদালতের আদেশ স্থগিত করে। পাশাপাশি আদালত সুজনের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে নিু আদালতের স্থগিতাদেশ কেন বাতিল করা হবে না- জানতে চেয়ে পরাজিত প্রার্থী আবদুল্লাহ আল মামুনের প্রতি রুল জারি করে।
আদালত সুজনের আবেদনের ওপর ২১ মে পূর্ণাঙ্গ শুনানিরও তারিখ দেয়।
হাইকোর্টের ওই আদেশ স্থগিতের জন্য ব্যারিস্টার মামুনের আবেদনের ওপর মঙ্গলবার আপিল বিভাগে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান ও মাহবুবউদ্দিন আহমাদ।
তারা বলেন, সমিতির সম্পাদক পদে নুরুল ইসলাম সুজন নয়, সহ সম্পাদক ফাহিমা নাসরিন দায়িত্ব পালন করছেন। তাছাড়া ২৫ মে ব্যারিস্টার মামুনের আবেদনটির ওপর সহকারী জজ আদালতে শুনানি হবে। তাই হাইকোর্টের আদেশ স্থগিত হওয়া প্রয়োজন।
জবাবে নুরুল ইসলাম সুজনের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, হাইকোর্ট দু'পক্ষের বক্তব্য শুনে স্থগিতাদেশ দিয়েছে। এ বিষয়ে হাইকোর্ট ২১ মে চূড়ান্ত শুনানি গ্রহণ করবে। তাই আদেশ স্থগিতের কোনো প্রয়োজন নেই।
গত ২৯ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা শেষে সম্পাদক পদে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে ৩০ এপ্রিল আবার ভোট গণনা করে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে আনুষ্ঠাকিভাবে সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়।
এর বিরুদ্ধে গত ১২ মে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সহকারী জজ ইফতেখার আহমেদ সুজনের দায়িত্ব পালনের ওপর ২৫ মে পর্যন্ত নিষেধাজ্ঞা দেন।
সহকারী জজের আদেশের বিরুদ্ধে সুজন ১৪ মে ঢাকার জেলা জজ আদালতে আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৮৫৫ ঘ.
bdnews24